গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকালে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। গাজীপুরে প্রায় ১৭টি ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিন সকালে দু’টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘গত কয়েকদিনের ঘটনায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
অনলাইন
২২ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ১০ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
