বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে সক্রিয় থাকার নির্দেশ

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে সক্রিয় থাকার নির্দেশ

ফন্ট সাইজ:

বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে কারও (নিষিদ্ধ আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নিলো ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার জাতীয় সংসদে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপি’র পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাস জুড়ে পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙ্গা রাখতে চায় বিএনপি’র শীর্ষ নেতৃত্ব।

বৈঠক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন। এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপি’র কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করতো, সে ধরনের কোনো কর্মসূচিও নেয়া হবে না।

সূত্রটি জানায়, শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক কর্মসূচির মতো রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। একই সঙ্গে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্সসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

ওদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে সতর্ক বিএনপি। এই ইস্যুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের অপতৎপরতা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির যেকোনো অপচেষ্টার বিষয়েও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা রয়েছে। এমন নির্দেশনা পেয়ে গত কয়েক দিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় তৎপর হয়েছেন।
প্রতিদিনই বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। দলীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ দল বা তাদের সহযোগীরা নাশকতা করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইবে। তারা যাতে এমন তৎপরতা করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থকদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকেও সচেতন করতে কর্মসূচি দেয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে এ ধরনের তৎপরতা দেখতে পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। কোথাও যাতে আইন নিজের হাতে তুলে নেয়া না হয় সে বিষয়েও সচেতন থাকতে বলা হয়েছে।

বিএনপি নেতারা বলছেন, আইনি প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

নেতারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তাদের এই নৈরাজ মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে বিএনপি। তবে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি নয়। যেকোনো ধরনের নাশকতা রুখতে মাঠে থাকবে বিএনপি’র নেতা কর্মীরা। ইতিমধ্যে ঢাকায় বিভিন্ন জায়গায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন দলের নেতা-কর্মীরা। ডিসেম্বরেও বিজয়ের মাস উপলক্ষে দলীয় কর্মসূচি দিয়ে সক্রিয় থাকবেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে বিএনপি’র দু’জন সিনিয়র নেতা মানবজমিনকে বলেন, বর্তমানে বিএনপি’র প্রধান রাজনৈতিক দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই এখন অগ্রাধিকার। কোনো পক্ষের উস্কানি কিংবা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চায় না বিএনপি। কিন্তু দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন নেতা কর্মীরা।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, আমরা গণতান্ত্রিক এবং সাংগঠনিকভাবে প্রতিবাদ করছি। আমাদের নেতা কর্মীরা সজাগ সতর্ক থাকবে। আর উস্কে দিয়ে কিছু করবে! সেটা সম্ভব না।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মানবজমিনকে বলেন, বিএনপি’র নেতা কর্মীদের বিশৃঙ্খলা প্রতিরোধে আহ্বান জানানো হয়েছে। স্থিতিশীলতা রক্ষায় মানুষের সঙ্গে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। শেখ হাসিনা মুখ্য বিষয় না। নির্বাচিত সরকারকে সহযোগিতা করাই এখন আমাদের মুখ্য কাজ। আর শেখ হাসিনা বিষয় দেখবে আইন মন্ত্রণালয়। আমরা দল হিসেবে তাদের সহযোগিতা করবো।