সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে ডিসেম্বর জুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দু’টির নেতারা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও এ ঘোষণাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারেন। সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর হামলার ঘটনাও তাদের উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান, লংমার্চ ও মহাসমাবেশসহ ধারাবাহিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত ও এনসিপি। প্রয়োজনে অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে যৌথ কর্মসূচি এবং পরিস্থিতির অবনতি হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে দল দু’টি। ডিসেম্বরকে ঘিরে তাই রাজনৈতিক মাঠে নতুন করে উত্তাপ ছড়ানোর আভাস পাওয়া যাচ্ছে।
গত শনিবার যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাস বলে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র জনগণের বিরুদ্ধে কাজ করে না। এটা ভোঁতা হয়ে যায়। ডিসেম্বর জুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে উল্লেখ করে তিনি বলেন, সেসব কর্মসূচিকে প্রাণবন্ত করার জন্য আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। অন্যদিকে, গত ৬ই নভেম্বর জয়পুরহাটে এনসিপি’র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে- এটি কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়; বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ফেরার কোনো সুযোগ নেই।
সংবিধান সংশোধনসহ নানা ইস্যুতে বিএনপি’র সঙ্গে জামায়াত ও এনসিপি’র মতপার্থক্য রয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতার প্রশ্নে দলগুলোর অবস্থানে মিল রয়েছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা দেখে তারা বিশ্বাস করছেন না যে, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। ফলে তার প্রত্যাবর্তন ঠেকাতে আলাদা কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেয়ার পরিকল্পনা নেই। তবে ডিসেম্বরের আগে পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সেই প্রস্তুতিও দলের ভেতরে রয়েছে। যেকোনো সময় পরিস্থিতি খারাপ হলে তখন সর্বোচ্চ শক্তি নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার এক হবে।
সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার খবর প্রকাশ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তাপ তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিরোধী দলগুলোর নেতারাও মনে করছেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে।
জামায়াতের অবস্থান: জামায়াতও ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা করছে। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে ঘোষিত লংমার্চ, মহাসমাবেশ ও বিজয় দিবস উদ্যাপনের কর্মসূচির পাশাপাশি এ বিষয়টিও তাদের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এজন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সাংগঠনিক জনশক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় দলটি। প্রয়োজনে বিভিন্ন এলাকা ভাগ করে একাধিক টিম ও উপটিম গঠন করা হতে পারে।
এসব কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিম উদ্দিনকে সামনে রাখার পরিকল্পনা রয়েছে জামায়াতের। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগ ডিসেম্বরকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে পরিস্থিতি অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের অন্যান্য রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে যৌথ কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
