হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দু’টি গ্রেনেড উদ্ধারের পর নিরাপত্তা ইস্যু সামনে এসেছে। এ অবস্থায় দেশের সকল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ। ককটেল বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। কিন্তু নিরাপত্তা শঙ্কাজনিত এই পরিস্থিতিতে থার্ড টার্মিনাল উদ্বোধনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না সেটিও এখন আলোচনায়। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়।
গত ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দু’টি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি খবর দিলে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ ঘটনাস্থলে যান। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দু’টি নিরাপদে নিষ্ক্রিয় করে। প্রশ্ন উঠেছে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার প্রবেশপথে গ্রেনেড যাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। একই সপ্তাহে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাশে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছেন, ককটেলগুলো এক্সপ্রেসওয়ে থেকে ছোড়া হয়েছিল।
বেবিচক সূত্র বলছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি একটি গোষ্ঠী বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালাচ্ছে। এই ঘটনার পর বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও সম্প্রতি নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে। সংস্থাটির এই অডিটে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা দেখে পুলিশ, আর প্রবেশপথে থাকে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে। আর এই সমন্বয়হীনতার কারণে তাদের মধ্যে বারবার ফাঁক তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। সরকার ১৬ই ডিসেম্বর আংশিক চালুর লক্ষ্য ঠিক করেছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। এর মধ্যে নিরাপত্তা নিয়ে এমন ঘটনা বিদেশি পরিচালকদের মনে শঙ্কা তৈরি করতে পারে। দ্বিতীয়ত, আইকাও অডিটে বাংলাদেশের নিরাপত্তা রেটিং উন্নত হবে বলে আশা করছে বেবিচক। কিন্তু অডিটের সময় বিমানবন্দরের গেটে গ্রেনেড পাওয়ার খবরে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রেটিং কমলে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট কমিয়ে দিতে পারে। যেটি সরাসরি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করবে।
দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুতে সতর্কতা ও ককটেল বিস্ফোরণ গ্রেনেড উদ্ধারের ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে সাধারণ যাত্রীদের মধ্যে। রাজশাহীর বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা হলেও শাহজালাল দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় ফ্লাইট পরিচালনা হয়। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন।
এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, এয়ারপোর্ট একটা সংবেদনশীল এরিয়া এবং সরকারের কেপিআই স্থাপনা। তাই আমার মনে হয় বিমানবন্দরগুলোতে একটু অধিকতর সিকিউরিটি জোরদার করতে হবে। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন। টু গেট নোটিসড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড। তাই এখানে আমার মনে হয় একটু সতর্ক হওয়া উচিত। সতর্কতা নেয়া উচিত যাতে এটা প্রোটেক্ট করা যায়। নিরাপত্তাজনিত কারণে ইন্টারন্যাশনাল রেটিংয়ে প্রভাব নিয়ে তিনি বলেন, যদি সিকিউরিটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তবে অডিটে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। বাট ওভারঅল একটা তো ইমপ্রেশন কাজ করে, সেই ইমপ্রেশনটি বা আমরা দিতে যাবো কেন বহির্বিশ্বে? এপিবিএন এবং এভিয়েশন সিকিউরিটির সদস্যদের সমন্বয়হীনতা নিয়ে তিনি বলেন, এই প্রশ্নটা অনেক শুনেছি। এটার সুরাহা হওয়া উচিত। কারণ এপিবিএন এবং এভিয়েশন সিকিউরিটির দায়বদ্ধতা কোথায়, সেটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরেও কিন্তু একটা যোগসূত্র প্রয়োজন আছে। ইন্টিগ্রেটেড সিকিউরিটি না হলে দেখা যাবে যে গ্যাপ থেকে যাবে। সো এই ব্যাপারে আমি মনে হয় তারা ওয়ার্কআউট করবেন এটাই আমাদের বিশ্বাস।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল মানবজমিনকে বলেন, বিমানবন্দরে আমরা সবসময় হাই সিকিউরিটি অ্যালার্ট রাখি। অডিট পিরিয়ডে আমরা যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছি সেটাইকে বহাল রাখতে বলেছি। এয়ারপোর্টটা যেহেতু কেপিআই তাই দেশের চলমান পরিস্থিতিতে সকল এয়ারপোর্টকে সতর্ক থাকতে বলেছি। যেহেতু এটা কেপিআই তাই সবাই সতর্ক থাকবে। এভিয়েশন সিকিউরিটি আর এবিএন সদস্যদের মধ্যে সমন্বয়তার অভিযোগ নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সমন্বয়হীনতা নাই। কারণ আমাদের লাস্ট সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির মিটিংয়ে একদম ক্লিয়ারলি বলেছি এপিবিএন ল্যান্ড সাইডের সিকিউরিটি দেখবে আর ভিতরের সিকিউরিটিটা দেখবে হচ্ছে আমাদের সিভিল এভিয়েশন। সেভাবে আমরা মেইনটেইন করছি।
