শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব দেয়ার পর তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ আজ সোমবার নির্দিষ্ট অঙ্কের মজুরির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ডে জমা দেবে বলে শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আজ সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকরা তাদের প্রস্তাব উত্থাপন করবেন। গত শনিবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানও বলেছেন, মজুরি বোর্ডে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেয়া হবে। গত সপ্তাহে প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। আজ মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়ার পর আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত মজুরি নির্ধারিত হবে।
বিশ্লেষকরা বলেন, পোশাক খাতের ব্যবসায়ীরা সংকটে আছেন। অন্যদিকে মূল্যস্ফীতিও বেড়েছে। তাই শ্রমিকদের মজুরি এমন হওয়া উচিত, যা মালিকদের জন্য সহনীয় হয়। সূত্র বলছে, মালিকদের পক্ষে আগের চেয়ে ৩ হাজার অথবা সাড়ে ৩ হাজার টাকা বাড়িয়ে ১৫ হাজারের উপরে প্রস্তাব দেয়া হতে পারে। তবে দরকাষাকষির পর শেষ পর্যন্ত ২০ হাজার টাকার নিচেই থাকবে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় কমে যাচ্ছে। তাই শ্রমিকের জীবনযাত্রার চাহিদা এবং একইসঙ্গে মালিকপক্ষের বাড়তি মজুরি দেয়ার সক্ষমতা-উভয়টি বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা উচিত।
মালিকপক্ষ জানিয়েছে, অস্থিরতা সত্ত্বেও তারা আজ মজুরি বোর্ডের তৃতীয় সভায় যোগ দেবেন এবং নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবেন। তবে কারখানায় ভাঙচুর ও অস্থিতিশীলতা চলতে থাকলে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হবে বলে তারা সতর্ক করেছেন।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির পাশাপাশি কারখানার উৎপাদন খরচ, উৎপাদনশীলতা এবং ব্যবসার সক্ষমতা বিবেচনা করে মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড। মালিকপক্ষ এই বিষয়গুলোকেই গুরুত্ব দিয়ে প্রস্তাব জমা দিচ্ছে।
জানা গেছে, সর্বনিম্ন মজুরি কতো টাকা নির্ধারণের সুপারিশ থাকবে, মূল বেতন কতো হবে, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার কাঠামো কীভাবে সাজানো হবে-এসব বিষয় মালিকদের প্রস্তাবে উল্লেখ থাকতে পারে।
সব মিলিয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চাপ-এই দুই বাস্তবতার মধ্যে কতোটা সমন্বয় করা যায়, সেটিই এখন সবচেয়ে বড় বিবেচ্য বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, শ্রমিকের জীবনমান বিবেচনায় যৌক্তিক মজুরি নির্ধারণ জরুরি। শ্রমিক এবং শিল্পের স্বার্থে একটি যৌক্তিক ও টেকসই মজুরি কাঠামো দরকার। ঠিক কতো টাকা- সেটা এককথায় বলা কিংবা তথ্য-উপাত্ত ছাড়া বলা যুক্তিসঙ্গত নয়। তবে, যৌক্তিকভাবে মূল্যায়ন করতে হলে প্রথমেই মূল্যস্ফীতি ও শ্রমিকদের ক্রয়ক্ষমতা, জীবনমান, উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সমগ্র পোশাক খাতের কাঁচামালের দাম বেড়েছে। ব্যবসায় খরচ বেড়েছে। এর মধ্যে শ্রমিকের মজুরি বাড়ানো হলে পোশাক খাতের ব্যবসা কঠিন হয়ে পড়বে। তবে আমরা বিশ্বাস করি শ্রমিকরাও কষ্টে আছে। তারা ভালো থাকলে ব্যবসা ভালো চলবে। আশা করছি মালিক ও শ্রমিক-দুইপক্ষ মিলে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণ হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ব্যবসার ব্যয় বেড়েছে। আশা করি, মালিকপক্ষ গ্রহণযোগ্য প্রস্তাব দেবেন। আর সেটা শ্রমিকপক্ষ মেনে নেবেন।
বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি বাবুল আখতার বলেন, বাজারদর, মূল্যস্ফীতি, জীবনযাত্রা, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ বিবেচনা করেই এই প্রস্তাব দেয়া হয়েছে। আশা করি মালিকরা তাদের নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে একটি ভালো প্রস্তাব দেবেন।
এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছিলেন, আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও আমরা সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাবো। তাদের প্রস্তাবের জন্য বসে থাকবো না।’
এর আগে গত সপ্তাহে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব করেন। তাদের প্রস্তাব অনুযায়ী, চারটি গ্রেডে সর্বনিম্ন্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের চারটি গ্রেডে মাসিক মজুরি ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে পৃথকভাবে শ্রমিক ও কর্মচারীদের মজুরি কাঠামো তুলে ধরা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি এবং মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে। বাকি অংশ অন্যান্য ভাতা হিসেবে দেয়ার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পোশাক শ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তর এবং শিক্ষানবিশদের জন্য আলাদা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
