রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা করা হয়েছে। তারা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা
ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। এ ঘটনায় পুলিশ বাসচালক আজির উদ্দিন ও হেল্পার শফিককে গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন।
ওসি জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন নির্মাণ শ্রমিক মুকুল, শাকিবসহ একই এলাকার ছয় যাত্রী। পথে ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাস স্টাফদের বাকবিতণ্ডা হয়। বাসটি তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে বাস স্টাফরা অন্যদের নামিয়ে দেয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের স্টাফদের তর্ক বাধে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় বাসের স্টাফরা ধাক্কা দিয়ে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। গুরুতর আহত শাকিবকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাসের ভেতরে আটক থাকা আতিক চিৎকার করলে একটি মাইক্রোবাসে থাকা যাত্রীরা চিকলী এলাকায় বাসটিকে আটকিয়ে পুলিশে খবর দেয়। এ সময় বাসের চালক আজির ও হেল্পার শফিকুলকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী যাত্রী আতিক ইসলাম জানান, আমার কাছে তিন লাখ টাকা ছিল। বাসের হেল্পার আমার গলায় গামছা পেঁচিয়ে ধরে টাকা নেয়ার জন্য। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেয়া হতো।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মুকুলের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় দিনাজপুর জেলার বীরগঞ্জের বাসিন্দা বাসের চালক আজির উদ্দিন (৩৫) ও হেল্পার শফিকুল ইসলামকে (২৬) আসামি করে মামলা করেছেন।
