সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় ১৩ মামলা গ্রেপ্তার ৬৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষ

সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় ১৩ মামলা গ্রেপ্তার ৬৬

ফন্ট সাইজ:

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ক্রমেই জটিল রূপ নিচ্ছে। বেতন বাড়ানো ও ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলন কোথাও কোথাও মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ, কারখানায় ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে গড়াচ্ছে। বিশেষ করে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও আশপাশের শিল্পাঞ্চলে ধারাবাহিক শ্রমিক বিক্ষোভ ঘিরে আন্দোলনের নেপথ্যে তৃতীয় কোনো পক্ষের ভূমিকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

পুলিশের ধারণা, শ্রমিক অসন্তোষ পুঁজি করে তৃতীয় কোনো পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, বহিরাগতদের অনুপ্রবেশ এবং আন্দোলনের মধ্যে সহিংসতা উস্কে দেয়ার বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের এ আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় পোশাক শ্রমিক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের নেতাকর্মীসহ এখন পর্যন্ত অন্তত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি’র স্থানীয় নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী শ্রমিক আন্দোলনের মধ্যে ঢুকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ, চন্দ্রা ও সফিপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। শ্রমিকদের একাংশের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মজুরি বাড়াতে হবে। তাদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিও সামনে এসেছে। কালিয়াকৈরের শ্রমিকদের সঙ্গে এই আন্দোলন কাশিমপুর, কোনাবাড়ি, নাওজোর, ভোগড়া, বোর্ডবাজার, বাংলাবাজার, চান্দনা, নলজানীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায়। শ্রমিক বিক্ষোভ থেকে সড়ক অবরোধ, ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুনসহ নানা ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয় এ আন্দোলনে। মজুরি বোর্ড গঠনের পর অনেক এলাকার আন্দোলন অনেকটাই শান্ত হয়েছে। চলছে উৎপাদন কার্যক্রম। এরপরও কয়েকটি কারখানা এলাকায় অশান্ত পরিস্থিতি রয়েছে। ওইসব এলাকার শ্রমিকরা বলছেন, তাদের মজুরি কতো টাকা বাড়ানো হচ্ছে- তার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনে থাকতে চান তারা। গতকাল সকালেও কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়।

তৃতীয় পক্ষের অনুপ্রবেশের সন্দেহে তদন্ত: শ্রমিক অসন্তোষের পাশাপাশি সহিংসতার ঘটনা বাড়তে থাকায় আন্দোলনের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ শ্রমিক আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথা বলেছেন। তাদের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, শ্রমিক নিহত বা আহত হওয়ার খবর প্রচার করে উত্তেজনা তৈরি এবং আন্দোলনের সুযোগে নাশকতার আশঙ্কার বিষয়গুলো গুরুত্ব পায়।

পুলিশ জানায়, আন্দোলনের নামে কেউ যেন কারখানা, শিল্প প্রতিষ্ঠান ও জনসম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে গুজব ও উস্কানিমূলক প্রচারণার সঙ্গে জড়িতদের শনাক্তে সাইবার নজরদারির কথাও বলা হয়। প্রশ্ন উঠেছে, শ্রমিকদের প্রকৃত আন্দোলনের মধ্যে কেউ পরিকল্পিতভাবে সহিংসতা ছড়াচ্ছে কিনা।
আন্দোলনের নেপথ্য অনুসন্ধানে আরও কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন কারখানার শ্রমিকরা একই সময়ে কীভাবে আন্দোলনে যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম কী, সহিংসতার ঘটনায় কারা নেতৃত্ব দিচ্ছেন এবং বাইরে থেকে কোনো অর্থ বা সাংগঠনিক সহায়তা আসছে কিনা- এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

বহিরাগতদের বিষয়ে সতর্ক: কালিয়াকৈর শিল্পাঞ্চলের পরিস্থিতি বিবেচনায় গত ২রা নভেম্বর উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের পাশাপাশি অপরিচিত ও সন্দেহভাজন বহিরাগতদের অবস্থান সম্পর্কে প্রশাসন ও থানাকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত কেউ যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসনের এই সতর্কতামূলক পদক্ষেপ শিল্পাঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

রাজনৈতিক অনুপ্রবেশের অভিযোগ বিএনপি’র: কালিয়াকৈরের শ্রমিক আন্দোলন ঘিরে স্থানীয় বিএনপি’র নেতা ও সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, সংসদ সদস্য মুজিবুর রহমান ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের বক্তব্যেও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। তাদের দাবি, শ্রমিকদের প্রকৃত দাবির বাইরে কিছু ব্যক্তি আন্দোলনের মধ্যে ঢুকে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলছেন, ৫ই আগস্টে পতিত সরকারের লোকজন এবং দেশের বাইরে থেকে ইন্ধনে শিল্প খাতকে ধ্বংস করতে নৈরাজ্য ও অরাজকতা হচ্ছে।

তৎপর বিএনপি: শ্রমিক আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে গাজীপুর মহানগর ও কালিয়াকৈরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় তাদের তৎপরতার কথা উঠে এসেছে। বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী, তারা শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা ঠেকাতে এবং কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে কাজ করছেন। তবে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের খবরও প্রকাশিত হয়েছে।

বিএনপি’র নেতাদের অভিযোগ, সরকার মজুরি বোর্ড ঘোষণার পর তা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে বৈঠকসহ কার্যক্রম শুরু করেছে। তার পরও বহিরাগতদের অনুপ্রবেশ ঘটিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শ্রমিকদের উস্কে আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও দলটির রাজনীতির সঙ্গে যুক্ত কিছু শিল্প মালিক আন্দোলনে পেছনে থেকে আন্দোলনের নামে নৈরাজ্য তৈরি করছে।

গ্রেপ্তার ও মামলা: এদিকে শ্রমিক আন্দোলন ঘিরে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মামলায় অন্তত ৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত ১৪ই নভেম্বর পল্লী বিদ্যুৎ এলাকায় আন্দোলনের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।