পরিবহন ধর্মঘট নিয়ে সিলেটে চলছে পাল্টাপাল্টি। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এ পরিবহন ধর্মঘট আহ্বান করেছেন। মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবি। তবে এই ধর্মঘটের সঙ্গে একমত নয় পরিবহন মালিক সমিতির একাংশের নেতা লোকমান আহমদ। তিনি সিলেটের জামায়াত নেতা। বর্তমানে দল থেকে তার রুকনিয়াত স্থগিত রয়েছে। লোকমান দাবি করেছেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির পূর্বে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, গণ-অভ্যুত্থানের পূর্বে সিলেট পরিবহন সেক্টর দখলে ছিল আওয়ামী লীগ নেতাদের। অভ্যুত্থানের পর তারা পালিয়ে গেলে বিএনপি ও জামায়াতের নেতারা এ সেক্টর দখলে নেন। ওই সময় বাস মালিক সমিতিতে বিএনপি নেতা নাজিম উদ্দিন লস্কর একদিকে ও জামায়াত নেতা লোকমান আহমদ অন্যদিকে অবস্থান নেন। ফলে দু’টি কমিটি রয়েছে পরিবহন মালিকদের। একইভাবে পরিবহন শ্রমিক ইউনিয়নেও দ্বিধাবিভক্তি রয়েছে।
এই পাল্টাপাল্টি অবস্থানে সুসংহত অবস্থায় রয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তার নির্দেশই টার্মিনালে শেষ কথা। আওয়ামী লীগ জমানা থেকে একতরফা আধিপত্য ধরে রেখেছেন ময়নুল। ফলে তাকে নিয়ে পরিবহন সেক্টরে বিতর্ক রয়েছে। একইভাবে অভ্যুত্থান পরবর্তী সময়ে হঠাৎ করে নিয়ন্ত্রণে নেয়া জামায়াত নেতা লোকমানকে নিয়েও বিতর্ক রয়েছে। তার আধিপত্য মানছেন না অনেকেই। শ্রমিকরা জানিয়েছেন, পরিবহন শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার পর থেকে বিভক্তি চরমে। এই ডাবল মার্ডারের ঘটনায় বিবদমান দুই পক্ষের মামলায় আসামি হয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। এই মামলা থেকে শীর্ষ নেতারা খালাস চান। এ নিয়ে তারা বারবারই ক্ষোভ প্রকাশ করছেন। কর্মবিরতির নামে ধর্মঘটের ডাক দিচ্ছেন। এজন্য তিন দফা দাবি কয়েক মাস ধরে জানিয়ে আসছিলেন হাজী ময়নুল অংশের শ্রমিকরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান। শ্রমিকরা জানিয়েছেন, তিন দফা দাবি আদায়ে গত ৮ই নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়। এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ১২ই নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ই নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়। ফলে পরিবহন শ্রমিকদের পূর্ব ঘোষণা অনুযায়ী, কর্মবিরতি পালনে শনিবার সভা করেছেন ময়নুল অংশের নেতারা।
তারা কর্মবিরতি পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে, পরিবহন ধর্মঘট আহ্বান করায় পাল্টা সভা করেছেন অপর অংশের নেতারা। তারা জানিয়েছেন, ওই কর্মবিরতিতে তারা অংশ নেবেন না। শ্রমিকরা গাড়ি চালাবেন। শনিবার বিকালে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাও দেন মালিকদের একাংশের নিয়ন্ত্রক ও জামায়াত নেতা লোকমান আহমদ। তিনি বলেন, তাদের সংগঠন এ ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। আহুত ধর্মঘটকে অযৌক্তিক হিসেবেও আখ্যা দেন তিনি। লোকমান আহমদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে। একইসঙ্গে ১৯শে নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের লকডাউনের আগে ধর্মঘট নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের দাবি- শ্রমিকরা ধর্মঘট নয়, কর্মবিরতি পালন করবেন। ন্যায্য দাবি পূরণের আশ্বাস পেলে পরবর্তীতে বিবেচনায় নেয়া হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন মানবজমিনকে জানিয়েছেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। কর্মবিরতি প্রত্যাহারে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। যদি প্রশাসন দাবি পূরণের আশ্বাস দেয় তাহলে রাতে কর্মবিরতি প্রত্যাহার হতে পারে। নতুবা পূর্বের ঘোষণা অনুযায়ী, কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
