বাংলাদেশকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, তার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য তা-ই করবেন। বাংলাদেশের
কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা জানালে সে অনুযায়ী উদ্যোগ নেবেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ভ্যালুয়েড ব্রাদার’ বা ‘মূল্যবান ভাই’ হিসেবে সম্বোধন করেছেন এরদোগান।
গত ১০ই নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। এর বাইরে আপনি আমার ‘মূল্যবান ভাই’। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার সক্ষমতায় এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমরা তা করবো। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হবে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। এবারের সম্মেলনে এরদোগান কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এর মধ্যে সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক ছিল অন্যতম আকর্ষণীয়। এর মধ্যদিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কতোটা গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং একটি ব্যাপক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দুই নেতার বৈঠকে বিশেষ করে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দুই দেশের বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ড নতুন দায়িত্ব পেয়েছেন। বৈঠকে বসার সময় তার আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল। এ কারণে তাকে কিছুটা নড়াচড়া করতে দেখা গেছে। এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না। বরং তার আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।
এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসার ঘটনার উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভুট্টোর ওই আচরণের সঙ্গে বর্তমান ঘটনাকে মেলানোর সুযোগ নেই। সেটি ছিল দম্ভ ও দাম্ভিকতার প্রকাশ।
সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় যোগাযোগের অগ্রগতি জানতে চান এক সাংবাদিক। হুমায়ুন কবির বিষয়টি এড়িয়ে যান।
জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য অর্থায়ন এবং জলবায়ু তহবিল ব্যবহারের জটিলতা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে জলবায়ু তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়নি। আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে বিভিন্ন খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে হবে।
