মিয়ানমারের শাসকরা দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কিনা, এ বিষয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত আইসিজে এ সপ্তাহে রায় দিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার এই রায় দেবে আদালত। আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর এই অপরাধের বিচারে একুশ শতকের জন্য গুরুত্বপূর্ণ মানদণ্ড নির্ধারণ করতে যাচ্ছে বহুল আলোচিত এই মামলা। রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হয়ে উঠতে পারে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করেনি। নাৎসি নেতৃত্বাধীন হলোকাস্টের পর এই অপরাধের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। আদালতের এই রায় ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা পৃথক ও বহুল আলোচিত গণহত্যা মামলার ওপরও প্রভাব ফেলবে।
উল্লেখ্য, সামরিক নিষ্পেষণের মুখে প্রায় এক দশক আগে কয়েক লাখ মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালাতে বাধ্য হন। তারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। এরপর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে আগামী বৃহস্পতিবার সকালে এ মামলার রায় দেবে। মিয়ানমারে জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক তদন্তকারী ইয়াংহি লি বলেন, আইসিজের রায় বিশ্ব জুড়ে রোহিঙ্গা বেঁচে যাওয়া মানুষ ও তাদের পরিবারের জন্য ঐতিহাসিক হবে। তিনি আরও বলেন, ৯ বছর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। রোহিঙ্গাদের জন্য অবশেষে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নিজেদের ব্যর্থতার মুখোমুখি হতে এই সুযোগ কাজে লাগাতে হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের দমনপীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়া আইসিজে’তে এ অভিযোগ করে। এ নিয়ে সাত বছর ধরে বিচারকরা পর্যালোচনা করেছেন। আগের মামলাগুলোতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘উদ্দেশ্য’ প্রমাণ করা। গণহত্যার সংজ্ঞা অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ‘অভিপ্রায়ে’ সংঘটিত কর্মকাণ্ডই গণহত্যা। বেঁচে যাওয়া শত শত রোহিঙ্গার প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের (ল’) প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মালভি বলেন, মিয়ানমারকে পুরোপুরি দায়ী করবে আদালত এ বিষয়ে তিনি সতর্ক আশাবাদী। তার মতে, সরকারের কর্মকাণ্ডে এমন আচরণের ধারাবাহিকতা দেখা গেছে, যা একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুস্পষ্ট প্রচেষ্টা প্রমাণ করে। তিনি বলেন, রাখাইন গ্রামগুলোতে একই ধরনের হামলা চালানো হয়েছিল। তারা বেসামরিক লোকজনকে আক্রমণ করেছে। গ্রাম জ্বালিয়ে দিয়েছে। নারী ও পুরুষদের আলাদা করে যৌন সহিংসতা চালাতো। এরপর মানুষ পালিয়ে যাওয়ার সময়ও তাদের হত্যা অব্যাহত রেখেছিল।
বলকান অঞ্চলের নৃশংসতা নিয়ে আইসিজের আরও দু’টি মামলায় রাষ্ট্রগুলোকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা যায়নি। তবে স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে আইনগতভাবে দায়ী করা হয়েছিল। মালভি বলেন, আসন্ন রায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হবে গণহত্যার কর্মকাণ্ড হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয়টি আদালত কীভাবে বিবেচনা করে। তার দল এমন সাক্ষ্য সংগ্রহ করেছে, যেখানে সেনাদের বিরুদ্ধে নারীদের যৌনাঙ্গ বিকৃত করা এবং মুখে কামড় দেয়ার অভিযোগ রয়েছে।
জানুয়ারিতে আইসিজে রুদ্ধদ্বার অধিবেশনে রোহিঙ্গা প্রতিনিধিদের সরাসরি সাক্ষ্যগ্রহণ করে। লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের তথ্য অনুযায়ী, একজন সাক্ষী বলেছেন, তার সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে ছুরিকাঘাত করা হয় এবং আগুনে ছুড়ে ফেলা হয়। আরেকজন গণকবরে লাশের স্তূপ দেখার বর্ণনা দিয়েছেন। শুনানির সময় গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতকে বলেন, এই মামলা আন্তর্জাতিক আইনের দুর্বোধ্য বিষয় নিয়ে নয়। তিনি বলেন, এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং বাস্তব একটি মানবগোষ্ঠীকে নিয়ে। মিয়ানমারের রোহিঙ্গাদের ধ্বংস করার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ওদিকে, গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। দেশটির দাবি, তাদের অভিযান ছিল বিদ্রোহীদের সামরিক উত্থান দমনের উদ্দেশ্যে পরিচালিত।
