রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

ফন্ট সাইজ:

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)।
ওই প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ বলেন, রামপুরার ওয়াবদা রোডের সন্ধ্যা ৭টার দিকে ৪ জন দুর্বৃত্ত আমাদের প্রতিষ্ঠান স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজিঅফিসে ভিতরে প্রবেশ প্রবেশ করে দুই কর্মচারীকে গুলি করে। হাবিবুরের বাম হাতে গুলিবিদ্ধ হয় ও সাজুর ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলি লাগে।

গুলি করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আমরা গুলিবিদ্ধ অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তারা ঢামেকে ভর্তি আছেন। তিনি বলেন, হাবিবুর ও সাজু আমাদের প্রতিষ্ঠানে নেটওয়ার্কের কর্মচারী। হাবিবুর চাঁদপুরের উত্তর মতলব উপজেলার দুলাল মিয়ার ছেলে। সাজু ঝালকাঠির নলসিটির উপজেলার রাজপয়সা গ্রামের এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, রামপুরার ওয়াবদা রোড এলাকা থেকে দু’জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। একজন বাম হাতে ও একজন ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। ঢামেকের জরুরি বিভাগে প্রথমিক চিকিৎসা তাদের দিয়ে ভর্তি করা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে। পরে দু’জনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। সহকর্মীরা আহতদের উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।