জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেয়া হয়েছে। রোববার বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’
সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়। এমপি মাহমুদার সঙ্গে হুমকিদাতা তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপি। দলটির বার্তায় বলা হয়েছে, ‘বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।’
কথোপকথনের রেকর্ডে আওয়ামী লীগের ওই সমর্থক এনসিপি নেত্রী চিকিৎসক মাহমুদা আলমকে বলছিলেন, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ একপর্যায়ে তরুণ ওই আওয়ামী লীগ–সমর্থক মিতুকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ আগামীকাল সোমবার একই সময়ে আবারও ফোন করার কথা বলে ফোন কেটে দেন তিনি।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসক মাহমুদা আলম।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে এ পর্যন্ত মাহমুদা মিতুসহ এনসিপির তিনজন হুমকি ও আক্রমণের মুখে পড়েছেন। মাহমুদা যেদিন হুমকির কথা ফেসবুকে জানান, তার আগের দিন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তার আগের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে।
এনসিপি থেকে ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে সামান্তাকে ‘জয় বাংলা’ করে দেয়ার হুমকি দেন ছাত্রলীগ পরিচয় দেয়া এক ব্যক্তি।
