দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

ফন্ট সাইজ:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। বিকাল সাড়ে ৪টা রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য, তাকে দেশের বাইরে চিকিৎসা নেয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
জানা যায়, বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং এনজিওগ্রাম সম্পন্ন করেন।