ঘরে বসেই ব্যবসা, হাতের মুঠোয় ক্রেতা, অনলাইনে পণ্য বিক্রি ও লেনদেন। প্রচলিত ব্যবসার নানা সীমাবদ্ধতা পেরিয়ে ডিজিটাল বাণিজ্য এখন নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের নতুন দুয়ার খুলছে। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাম থেকে শহর কিংবা দেশের বাইরে বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে এই খাতে। তবে এ সম্ভাবনাকে জাতীয় অর্থনীতির শক্তিতে রূপ দিতে প্রয়োজন সহজ শর্তে ঋণ, প্রযুক্তিতে সমান প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অনলাইন পরিবেশ ও কার্যকর সরকারি সহায়তা।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের শুধু প্রশিক্ষণ বা সনদ দেয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ, ব্যবসা শুরুর প্রাথমিক মূলধন (সিড মানি) এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা দেয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম করে সমাজের মূলধারায় নিয়ে আসা সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সামাজিক সুরক্ষার আওতায় নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও সরকার কাজ করছে। ফলে ডিজিটাল বাণিজ্যের মতো নতুন অর্থনৈতিক ক্ষেত্রকে কাজে লাগিয়ে তাঁদের স্বাবলম্বী করার সুযোগ রয়েছে।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য ছড়িয়ে নারীদেরও হয়রানি ও হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এ ধরনের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি তুলে ধরে তিনি অপতথ্য প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তথ্যপ্রবাহের এ যুগে সত্য ও মিথ্যা আলাদা করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলায় তরুণদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তার মতে, ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্বপূর্ণ। কারণ অনলাইন ব্যবসার প্রসারে শুধু ইন্টারনেট ও প্রযুক্তি সুবিধা বাড়ালেই হবে না, উদ্যোক্তা ও ক্রেতা উভয়ের জন্য নিরাপদ, বিশ্বাসযোগ্য এবং হয়রানিমুক্ত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে হবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর)-এর চেয়ারম্যান এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের বিশ্লেষণেও উঠে এসেছে ডিজিটাল বাণিজ্যের এই বহুমাত্রিক সম্ভাবনা। তার মতে, বাংলাদেশের ই-কমার্স এখন পণ্য কেনাবেচার বিকল্প মাধ্যম হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষ করে নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রচলিত ব্যবসার বাধা অতিক্রমের সুযোগ তৈরি করছে ডিজিটাল প্ল্যাটফর্ম।
সাকিফ শামীমের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশে ই-কমার্স বাজারের আকার নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে পার্থক্য থাকলেও প্রবৃদ্ধির প্রবণতা স্পষ্ট।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশে কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩৬০ কোটি টাকা। এর বাইরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট ও ক্যাশ অন ডেলিভারির লেনদেন রয়েছে। ফলে সামগ্রিক ডিজিটাল বাণিজ্যের পরিসর আরও বড়। প্রচলিত ব্যবসায় পুঁজি, দোকান ভাড়া, জামানত ও সামাজিক বাস্তবতার কারণে অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন না। কিন্তু ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই পণ্য তৈরি, বিপণন, অর্ডার গ্রহণ ও গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হয়েছে। পোশাক, খাবার, হস্তশিল্প, ফ্যাশন ও স্থানীয় পণ্যের ব্যবসায় নারীদের অংশগ্রহণ বাড়ছে।
তথ্য অনুযায়ী, দেশের ই-কমার্স উদ্যোক্তাদের মধ্যে নারীর অংশগ্রহণ প্রায় ৯ শতাংশ। তবে ফেসবুকভিত্তিক ব্যবসায় নারীর উপস্থিতি তুলনামূলক বেশি। নিয়মিত পণ্য বিক্রি করা ফেসবুক পেজগুলোর প্রায় ৫৫ শতাংশের মালিক নারী। অনেক নারী অনলাইনে ব্যবসা করলেও ট্রেড লাইসেন্স, প্রাতিষ্ঠানিক পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ব্যাংকঋণ এবং সরকারি সহায়তা পান না। এ ক্ষেত্রে জামানতনির্ভর ঋণব্যবস্থার পরিবর্তে ডিজিটাল লেনদেন, বিক্রির ইতিহাস ও ব্যবসার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে অর্থায়নের সুযোগ তৈরি করে দিতে হবে বলে মনে করেন সাকিফ শামীম। তার মতে, দেশের তরুণ জনগোষ্ঠীর বড় একটি অংশের জন্য প্রচলিত চাকরির বাজারে পর্যাপ্ত সুযোগ নেই। এ অবস্থায় ই-কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবসা স্বনিয়োজিত হওয়ার নতুন পথ তৈরি করছে।
সাকিফ শামীমের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের বড় অংশই তরুণ। তবে শুধু ডিজিটাল অর্থনীতিতে প্রবেশ করলেই আয় ও কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হচ্ছে না। দক্ষতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, আর্থিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাব রয়েছে। সাকিফ শামীমের মতে, অর্থনৈতিক উন্নয়নের সাফল্য পরিমাপ করতে জিডিপি বা ব্যবসার লেনদেন বৃদ্ধির দিকে নজর দিলেই হবে না, বরং কত বেশি মানুষ সেই উন্নয়নের অংশীদার হতে পারছেন, তা দেখতে হবে। একজন নারী নিজের ব্যবসায় পরিবারের অর্থনীতিতে অবদান রাখছেন, একজন তরুণ চাকরিপ্রার্থী না হয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন কিংবা একজন গ্রামীণ উৎপাদক সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন এমন পরিবর্তনের মধ্যেই ডিজিটাল বাণিজ্যের প্রকৃত সামাজিক ও অর্থনৈতিক মূল্য নিহিত।
সিএসইআর এর বিশ্লেষণ
ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন: নারী, তরুণ ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য নতুন বাংলাদেশ" শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির রূপান্তরে ডিজিটাল প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ইন্টারনেটের বিস্তার, স্মার্টফোনের সহজলভ্যতা এবং ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ ব্যবসা-বাণিজ্যের প্রচলিত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের অন্যতম প্রধান অনুষঙ্গ ই-কমার্স বা ডিজিটাল বাণিজ্য। একসময় পণ্য কেনাবেচার বিকল্প মাধ্যম হিসেবে বিবেচিত হলেও ই-কমার্স এখন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশের জন্য এই খাতের সম্ভাবনার সাথে জড়িয়ে আছে সামাজিক ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন।
প্রতিবেদনে সাকিফ শামীম আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি তখনই টেকসই হয়, যখন সেই অগ্রগতির সুযোগ সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছায়। কিন্তু প্রচলিত ব্যবসায়িক ব্যবস্থায় পুঁজি, অবকাঠামো, ভৌগোলিক অবস্থান এবং সামাজিক বাস্তবতার কারণে অনেক মানুষ উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। বিশেষ করে নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা শুরু ও সম্প্রসারণের পথ এখনো নানা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। ডিজিটাল বাণিজ্য এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার একটি নতুন সুযোগ তৈরি করেছে। এখন একজন উদ্যোক্তাকে ব্যবসা পরিচালনার জন্য বড় দোকান, ব্যয়বহুল বাণিজ্যিক অবকাঠামো কিংবা বিপুল প্রাথমিক মূলধনের ওপর নির্ভর করতে হয় না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সীমিত পুঁজি, নিজস্ব দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে বৃহত্তর বাজারে প্রবেশ করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে অনলাইন বাণিজ্যের বিস্তার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারের আকার নিয়ে বিভিন্ন সংস্থা ও গবেষণার হিসাবে পার্থক্য থাকলেও সব হিসাবেই এই খাতের প্রবৃদ্ধির প্রবণতা স্পষ্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একটি পূর্বাভাসে ২০২২ সালের শেষে বাংলাদেশের ই-কমার্স বাজারের আকার ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছিল এবং ২০২৬ সালে তা ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনার কথা বলা হয়েছিল। অন্যদিকে, বিভিন্ন শিল্পভিত্তিক গবেষণা ও খাতসংশ্লিষ্ট সংগঠনের হিসাবে বাজারের আকারে ভিন্নতা রয়েছে। এই পার্থক্য আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। বাংলাদেশের ই-কমার্স খাতের প্রকৃত আকার, লেনদেন, উদ্যোক্তার সংখ্যা ও কর্মসংস্থান সম্পর্কে এখনো একটি সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে ওঠেনি। তবে বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য খাতটির সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। ২০২৬ সালের জুনে দেশে কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৩৬০ কোটি টাকা। এই হিসাবের মধ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট এবং ক্যাশ অন ডেলিভারির লেনদেন অন্তর্ভুক্ত নয়। ফলে অনলাইন বাণিজ্যের সামগ্রিক কার্যক্রম এর চেয়ে অনেক বিস্তৃত। অন্যদিকে, ই-ক্যাবের ২০২১ সালের একটি প্রতিবেদনে দেশে ই-কমার্স প্ল্যাটফর্মের ৯৫ শতাংশকে ক্ষুদ্র উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০২৬ সালের মার্চে প্রকাশিত একটি প্রতিবেদনে সক্রিয় ফেসবুক কমার্স উদ্যোক্তার সংখ্যা আনুমানিক ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার বলে উল্লেখ করা হয়েছে।
এই তথ্যগুলো থেকে স্পষ্ট যে বাংলাদেশের ই-কমার্সের বড় অংশজুড়ে রয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যক্তি উদ্যোগে ব্যবসা পরিচালনাকারী মানুষ এবং নতুন প্রজন্মের ব্যবসায়ীরা। তাই এই খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রয়োজন, সক্ষমতা এবং সীমাবদ্ধতাকে সমান গুরুত্ব দিতে হবে।
ই-ক্যাবের তথ্য অনুযায়ী, দেশের ই-কমার্স উদ্যোক্তাদের মধ্যে নারীর অংশগ্রহণ প্রায় ৯ শতাংশ। তবে ফেসবুকভিত্তিক ব্যবসায় নারীর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি। দেশে নিয়মিত পণ্য বিক্রি করে এমন ফেসবুক পেজগুলোর প্রায় ৫৫ শতাংশের মালিক নারী বলে সংশ্লিষ্ট খাতভিত্তিক তথ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রচলিত ব্যবসায়িক কাঠামোর বাইরে থেকেও নারীরা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। পোশাক, ফ্যাশন, লাইফস্টাইল পণ্য, খাবার, হস্তশিল্প এবং বিভিন্ন স্থানীয় পণ্যের ব্যবসায় তাঁদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয়। এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, একজন নারীকে এখন উদ্যোক্তা হওয়ার জন্য সব সময় বড় পুঁজি কিংবা আলাদা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়োজন হচ্ছে না।
তবে এই সম্ভাবনাকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে কিছু মৌলিক সীমাবদ্ধতা দূর করা জরুরি। জিএসএমএর ২০২৪ সালের মোবাইল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে বাংলাদেশের পুরুষদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার ৪০ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ২৪ শতাংশ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ডিজিটাল ব্যবসার সুযোগ তৈরি হলেও প্রযুক্তিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে নারী এখনো পিছিয়ে রয়েছেন। একইভাবে ব্যাংক হিসাব, ডিজিটাল পেমেন্ট এবং প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির ক্ষেত্রেও নারী উদ্যোক্তাদের জন্য বাধা রয়েছে। অনেক নারী ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত ব্যবসা পরিচালনা করলেও তাঁদের ট্রেড লাইসেন্স, প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক পরিচয় কিংবা প্রয়োজনীয় নথিপত্র নেই। ফলে ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত অর্থায়ন কর্মসূচিতে তাঁরা অংশ নিতে পারেন না। বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ঋণের অন্তত ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার নির্দেশনা দিয়েছে। কিন্তু এই সুবিধা প্রকৃতপক্ষে কতজন ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক নারী উদ্যোক্তার কাছে পৌঁছাচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন।
বাংলাদেশের অন্যতম বড় শক্তি এর তরুণ জনগোষ্ঠী। দেশের মধ্যম বয়স ২৬ বছর হওয়া এই বাস্তবতারই প্রতিফলন। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন, কিন্তু প্রচলিত চাকরির বাজার তাঁদের সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না। ফলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্বনিয়োজিত হওয়ার সুযোগ সম্প্রসারণ করা এখন সময়ের দাবি। ডিজিটাল বাণিজ্য এই লক্ষ্য অর্জনে একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে। বর্তমানে অনেক তরুণ ই-কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন সেবা, কনটেন্ট তৈরি এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে বাংলাদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সারের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি বিশ্লেষণে ফ্রিল্যান্সারদের প্রায় ৭৮ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। এই তথ্য বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের আগ্রহ ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। তবে অংশগ্রহণের সংখ্যা বাড়লেই অর্থনৈতিক সাফল্য নিশ্চিত হয় না।
বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শহরকেন্দ্রিক। ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক ক্ষুদ্র উৎপাদক, কৃষক, কারিগর এবং স্থানীয় উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ও বৃহত্তর বাজার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা, পরিবহন ব্যয়, বাজারসংযোগের সীমাবদ্ধতা এবং আর্থিক সেবার অভাব তাঁদের ব্যবসা সম্প্রসারণে বাধা সৃষ্টি করে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৭৮ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে, যেখানে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ কর্মরত। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ এখনো অনানুষ্ঠানিক এবং প্রচলিত ব্যাংকিং ও ডিজিটাল ব্যবসায়িক ব্যবস্থার বাইরে। এই উদ্যোগগুলোকে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করা গেলে উৎপাদনশীলতা, আয় এবং বাজার সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
একইভাবে প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যও ডিজিটাল বাণিজ্য অর্থনৈতিক অংশগ্রহণের নতুন পথ তৈরি করতে পারে। শারীরিক চলাচলের সীমাবদ্ধতা কিংবা প্রচলিত কর্মক্ষেত্রে প্রবেশের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাঁরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী অনলাইন ব্যবসা, পণ্য উৎপাদন এবং ডিজিটাল সেবা প্রদানের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে এ জন্য সহজলভ্য প্রযুক্তি, সহায়ক উপকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের ই-কমার্স খাতকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে পরিণত করতে হলে বিচ্ছিন্ন কিছু উদ্যোগের পরিবর্তে সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি ই-কমার্স উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন, ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। প্রথমত, ফেসবুকভিত্তিক ও ঘরোয়া উদ্যোক্তাদের জন্য স্বল্প খরচে দ্রুত অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা প্রয়োজন। নিবন্ধনের সঙ্গে প্রশিক্ষণ, ঋণ ও অন্যান্য সরকারি সুবিধার সংযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থায়ন কর্মসূচি এবং ডিজিটাল লেনদেনভিত্তিক ঋণ মূল্যায়নব্যবস্থা চালু করা যেতে পারে। তৃতীয়ত, উপজেলা পর্যায়ে ডিজিটাল দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং বাংলা ভাষায় সহজলভ্য প্রশিক্ষণ কনটেন্ট তৈরি করা জরুরি। চতুর্থত, নারী উদ্যোক্তাদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ, আর্থিক সেবা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রামীণ অঞ্চলে ইন্টারনেটের মান ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করা, লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটাতে হবে। সরকারি প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে বেসরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম ও উদ্যোক্তা সংগঠনগুলোকে যুক্ত করা গেলে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ বাস্তব বাজারে প্রবেশের সুযোগ পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারী, তরুণ ও গ্রামীণ উদ্যোক্তাদের অংশগ্রহণ, আয়, ঋণপ্রাপ্তি এবং ব্যবসার সম্প্রসারণ সম্পর্কে একটি সমন্বিত জাতীয় তথ্যভান্ডার তৈরি করা। প্রতি বছর এসব তথ্য প্রকাশ করা হলে নীতিনির্ধারণে বাস্তব চিত্র প্রতিফলিত হবে এবং গৃহীত কর্মসূচির অগ্রগতি পরিমাপ করা সম্ভব হবে। কারণ বাজারের সামগ্রিক প্রবৃদ্ধি বাড়লেই যে সমাজের সব শ্রেণির মানুষ সমানভাবে উপকৃত হচ্ছেন, তা নিশ্চিত নয়।
ডিজিটাল বাণিজ্যকে কেন্দ্র করে এমন একটি অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে পারলে বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত হবে। প্রযুক্তির অগ্রযাত্রাকে মানুষের সক্ষমতা ও সম্ভাবনার সঙ্গে যুক্ত করাই হবে আগামী দিনের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার পথে ই-কমার্স তাই সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
