ভারতে কানাডার নারী, বয়স জানতেই বিয়ে করতে অস্বীকৃতি প্রেমিকের

ডেটিং অ্যাপে প্রেম

ভারতে কানাডার নারী, বয়স জানতেই বিয়ে করতে অস্বীকৃতি প্রেমিকের

ফন্ট সাইজ:

ভালোবাসা কোনো বয়স মানে না। তাই অনলাইন অ্যাপের মাধ্যমে ভারতের এক যুবকের প্রেমে পড়েন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। সেই প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতে এসেছেন ওই নারী। উদ্দেশ্য ওই যুবককে বিয়ে করবেন। কিন্তু বিয়ের আগেই ওই নারীর বয়স জানার পর যুবকটি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে হতাশ হয়ে কানাডা দূতাবাসের দ্বারস্থ হয়েছেন ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নিমরানায়। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানিয়েছেন, ওই নারী ও হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিনের পরিচয় হয় প্রায় এক বছর আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়।

একপর্যায়ে দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা অনুযায়ী, ওই নারী পর্যটন ভিসায় ভারতে আসেন। ১১ই নভেম্বর তিনি দিল্লিতে পৌঁছান। পুলিশ জানিয়েছে, দিল্লি বিমানবন্দর থেকে নিতিন তাকে নিয়ে আসেন। পরে দু’জন রাজস্থানের নিমরানায় যান। সেখানে নিতিনের চাচা ও চাচির মালিকানাধীন একটি ফ্ল্যাটে তারা অবস্থান করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারী নিতিনের সঙ্গে আবাসিক এলাকায় দুই দিন ছিলেন। এ সময় তাদের বিয়ে নিয়ে আলোচনা এগিয়ে চলছিল। কিন্তু ওই নারীর বয়স প্রকাশ্যে আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তার বয়স আনুমানিক ৬১ বছর বলে জানা গেছে। পুলিশ জানায়, এরপর নিতিন বিয়েতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের পর ১৩ই নভেম্বর ওই নারী কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং কর্মকর্তাদের পুরো ঘটনা জানান। দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পর নিমরানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও নিতিনকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নিতিনকে হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে কানাডীয় নারীকে কোটপুতলির কোর সেন্টারে রাখা হয়েছে। নিতিন হরিয়ানার পানিপাতের বাসিন্দা। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।