কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার প্রশ্নের মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই, সব আসনে শিক্ষার্থী ভর্তি এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন পদ্ধতি কার্যকরের লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের (ভিসি) নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রোববার ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেন তিনি। ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।
সভায় ভিসিরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে বিশেষ করে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পূরণে জটিলতা তৈরি হয়। বিলম্বিত হয় একাডেমিক কার্যক্রমও।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি প্রক্রিয়ার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন এমন হতে হবে, যাতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। এ জন্য আগামী শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সভায় বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর গুরুত্ব নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়। সভায় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম আধুনিকায়ন ও সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। কৃষিসংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদে অভিন্ন নির্দেশিকা তৈরি এবং কৃষি ডিগ্রির মধ্যে সামঞ্জস্য আনার প্রস্তাব দেন উপাচার্যরা। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে পাঠ্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন, গবেষণাপদ্ধতি ও গণিতবিষয়ক কোর্স যুক্ত করার পরামর্শও দেয়া হয়।
গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর যাবতীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে। এ জন্য ভিসিদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে বলেন তিনি।
চেয়ারম্যান বলেন, শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে। গত ৫০ বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সমস্যার সমাধানেও গবেষণার ওপর নির্ভর করতে হবে। উচ্চশিক্ষা ও গবেষণার কার্যক্রম ইউজিসি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের ভিসিরা সভায় অংশ নেন।
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় আসছে পরিবর্তন
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
৫৯ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
