যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান। পাশাপাশি দেশটির সাথে সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা। রোববার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই কথা জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ম্যানিলায় আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার সময় মার্কোস জানান, ১১ সদস্যের এ জোট গঠনমূলক ও নীতিগত সম্পৃক্ততা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একইসাথে তারা তাদের পাঁচ দফা শান্তি পরিকল্পনা মেনে চলবে। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমার সংকট মোকাবেলায় আসিয়ান এই রূপরেখা তৈরি করেছিল।
মিয়ানমারে গৃহযুদ্ধ চলা সত্ত্বেও থাইল্যান্ড এবং অন্যান্য কয়েক সদস্য সম্পৃক্ততা বাড়িয়েছে। এরপর মিয়ানমারের সামরিক-সমর্থিত নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য শীর্ষ সম্মেলনে চাপ তৈরি হয়েছে। সামরিক-সমর্থিত সরকার আসিয়ানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ২০২১ সালে ক্ষমতা দখলের পর সংঘাত কমাতে ব্যর্থ হওয়ায় তাদের নেতাদের শীর্ষ সম্মেলন থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। এর ফলে শুরু হওয়া গৃহযুদ্ধে ১ লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের ধারণা।
অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের সামরিক বাহিনী চীন, ভারত ও রাশিয়ার সমর্থন পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তার প্রশাসন আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বছরের পর বছর ধরে চলা একঘরে করার নীতি থেকে সরে আসায় মার্কিন কর্মকর্তাদের সাথে তাদের গোপন আলোচনাও হয়েছে।
আসিয়ান শান্তি পরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে নিতে পারবে বলে মার্কোস আশা প্রকাশ করেন। তিনি জানান, সংকট অব্যাহত থাকায় পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে এবং তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মিয়ানমারের জন্য আর কী করা যায় তা নেতাদের ভেবে দেখা উচিত। লড়াই বন্ধ করার পাশাপাশি আসিয়ানের মিয়ানমার রূপরেখায় সকল পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপের আহ্বান জানানো হয়েছে। এতে জোটের মধ্যস্থতা এবং মানবিক সহায়তারও প্রস্তাব দেয়া হয়েছে।
মিয়ানমার বিষয়ক আসিয়ানের বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্র সচিব তেরেসা লাজারো শনিবার জানান, মিয়ানমারের প্রতি আসিয়ানের দৃষ্টিভঙ্গিতে কোনো শিথিলতা আসবে না। তবে পাঁচ দফা পরিকল্পনা পর্যালোচনা এবং মিয়ানমারের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত নেতারাই এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
