মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান মেকানিক্যাল বাহুর সাহায্যে সফলভাবে অবতরণ করেছে। টেক্সাসের লঞ্চ প্যাড ২-এর ওপর মেকানিক্যাল ‘চপস্টিক’ বাহু দিয়ে এটি সফলভাবে আটকে ফেলা হয়। যাত্রার ২২ ঘণ্টা পর এটি পৃথিবীতে ফিরে আসে। স্পেসএক্সের কর্মকর্তারা জানান, এই সফলতার মাধ্যমে স্টারশিপের পূর্ণ পুনঃব্যবহারযোগ্যতা প্রমাণিত হয়েছে, যা দ্রুত ও স্বল্প খরচে পুনর্ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স।
এর কিছুক্ষণ পরই স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তার দলকে অভিনন্দন জানান। তবে শুক্রবার টেক্সাস থেকে উড্ডয়নের পরপরই এর প্রথম-পর্যায়ের বুস্টারটি বিস্ফোরিত হওয়ায় তারা পুরোপুরিভাবে সফল হতে পারেনি। বুস্টার থেকে আলাদা হওয়ার পর মহাকাশযানটি কক্ষপথে পৌঁছায় এবং ২৬টি স্টারলিংক স্যাটেলাইট অবমুক্ত করে। স্পেসএক্সের কেট টাইস জানান, ফিরে আসার সময় বুস্টারের ইঞ্জিনগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়। ফলে এর গাইডেন্স সিস্টেম ভুল অবস্থান শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে পানিতে পড়ার ও ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। প্রকৌশলীরা এর কারণ খতিয়ে দেখছেন। এর আগে স্পেসএক্স সফলভাবে তিনটি বুস্টার ধরতে সক্ষম হয়েছিল।
চাঁদ ও মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য ১২৪ মিটার উচ্চতার এই রকেটটি তৈরি করা হয়েছে। নাসা এই দশকের শেষের দিকে চাঁদে মহাকাশচারী পাঠাতে স্টারশিপের জন্য শত শত কোটি ডলার দিচ্ছে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই অর্জনকে প্রায় জাদুকরী বলে উল্লেখ করেন। স্টারশিপ এবার পৃথিবীর চারপাশে ১৪ বার প্রদক্ষিণ করে। স্পেসএক্স জানায়, মহাকাশযানের হিট শিল্ডসহ গুরুত্বপূর্ণ সবকিছু ঠিকঠাক কাজ করেছে। ২০২৩ সালের পর এটি স্টারশিপের ১৫তম ফ্লাইট এবং কক্ষপথে এটি এর দ্বিতীয় যাত্রা। আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরু হবে বলে তারা আশা করছে।
