পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক ‘চোরের’ মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম নাজমুল হক বিশারু (৬০)। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি করতে গেলে বাড়ির মালিক জ্যোতিচন্দ্র রায় তাকে আটক করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে অজ্ঞান হন। পরে পুলিশ খবর পেয়ে তাকে অজ্ঞান অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
