ময়মনসিংহ বোর্ডে শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

ময়মনসিংহ বোর্ডে শীর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

ফন্ট সাইজ:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি)। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাস ও তিন শতাধিক জিপিএ-৫ নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করেছে কলেজটি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডসেরার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানান কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজটি থেকে ৭০০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ- ৫ পেয়েছে ৩০৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৪.১৪ শতাংশ। জাতীয় পর্যায়ে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে এবার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ঐতিহ্যবাহী কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

কলেজের শিক্ষা কার্যক্রম তুলে ধরে অধ্যক্ষ বলেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য দক্ষ শিক্ষকমণ্ডলী তাদের সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি ক্লাস, পড়াশোনা, ল্যাবরেটরি, খেলাধুলাসহ সব সুযোগ-সুবিধা দেয়া হয়। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানের একাডেমিক ঘাটতি ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। শিক্ষার্থীদের যোগ্য ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, কঠোর শৃঙ্খলা, রাজনীতিমুক্ত পরিবেশ এবং গঠনমূলক পড়াশোনার মাধ্যমে কলেজটি এ সাফল্য অর্জন করেছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩শে সেপ্টেম্বর বাকৃবি পৃষ্ঠপোষকতায় কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজের চারটি ভবনে ৩৬ জন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। এ ছাড়া ছয়জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ২১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কলেজে কর্মরত আছেন।