দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে ডেঙ্গু নিয়ে এক হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জন মারা গেছেন। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬০ হাজার ৫৫৭ জন।
