প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, অতীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও আইসিটি আইনের মাধ্যমে সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশে এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। সাইবার সুরক্ষা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা হরণের কারণ হয়ে না দাঁড়ায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছর মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকার সবচেয়ে সোচ্চার ছিল। দেশে মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটেছে, অধিকার সেগুলোর সঙ্গে নিবিড়ভাবে থেকে প্রতিবাদ করেছে। এ কারণে সংগঠনটিকে অসংখ্য নির্যাতন ভোগ করতে হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অধিকার আয়োজিত ‘মত প্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবদাল আহমদ বলেন, গত ১৫ বছরে মতপ্রকাশের স্বাধীনতা কীভাবে হরণ করা হয়েছে, তা সবাই জানেন। এর শিকার তিনি নিজেও হয়েছেন। ২০১৩ সালে দৈনিক আমার দেশের বিরুদ্ধে আইসিটি আইনে প্রথম মামলা করা হয়। ওই মামলায় পত্রিকাটির ছাপাখানা জব্দ করা হয় এবং পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। এতে তিনি ও পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা বেকার হয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তাদের চাকরির সুযোগ হয়নি। ওই সময় তারা অনেক কষ্টে দিন পার করেছেন। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার-পাঁচটি করে মামলা ছিল।
তিনি বলেন, এ ধরনের একটি বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য জুলাই যোদ্ধাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে আজকের আলোচনা সভায় সাথী আক্তারের বক্তব্য শুনে তিনি মর্মাহত হয়েছেন বলে জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর এ ধরনের ঘটনা আর ঘটা উচিত ছিল না। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে প্রত্যাশা করেন।
সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগের বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংসদে পাস হওয়া সাইবার সুরক্ষা আইনের কিছু সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব সংশোধনী মন্ত্রিসভায় উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা না করে এভাবে সংশোধনীগুলো পাস করা যাবে না। বিষয়টি নিয়ে আলোচনা করে তাদের মতামত বিবেচনায় নিতে হবে। এ জন্য তিনি একটি মন্ত্রিসভা উপকমিটি গঠন করেন।
তিনি জানান, ওই উপকমিটি অংশীজনদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে। সর্বশেষ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে। সেখানে সাংবাদিকরা তাদের উদ্বেগ ও মতামত তুলে ধরেছেন। সর্বশেষ বৈঠকে সাংবাদিক সমাজের সুপারিশগুলো লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ কাজ সমন্বয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। পরে তিনি ১৫টি সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করেন। সংগঠনগুলো নিজেদের মধ্যে বৈঠক করে লিখিতভাবে সরকারের কাছে সুপারিশমালা জমা দিয়েছে।
সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিক সমাজের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা উপকমিটির সর্বশেষ বৈঠকে বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে। কী কী সুপারিশ গ্রহণ করা হয়েছে, তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আরও কোনো সুপারিশ থাকলে তা জানানোর সুযোগ রাখা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকার আইনটি এমনভাবে সংশোধন করবে, যাতে তা মতপ্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হয়ে না ওঠে। অতীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও আইসিটি আইনের মাধ্যমে যে নির্যাতনের শিকার হতে হয়েছে, তার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে।
তিনি বলেন, এ বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। অধিকার যে আলোচনা সভার আয়োজন করেছে, এর মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে
সাইবার সুরক্ষা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার না হয়: প্রধান তথ্য কর্মকর্তা
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৪ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
