পাকিস্তানের হলসংখ্যা নিয়ে শাকিবের তথ্যে গরমিল

পাকিস্তানের হলসংখ্যা নিয়ে শাকিবের তথ্যে গরমিল

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অঙ্গনে ঢালিউডের সিনেমার বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা দেখছেন চিত্রনায়ক শাকিব খান। বিশেষ করে পাকিস্তানের চলচ্চিত্রবাজারে কাজ করার বিষয়ে আগ্রহী তিনি। দেশটির অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের পরিকল্পনার কথাও বলেন এই সুপারস্টার। তবে পাকিস্তানে সচল সিনেমা হলের সংখ্যা নিয়ে তার দেওয়া একটি তথ্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব বলেন, পাকিস্তানের চলচ্চিত্রবাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পেরেছেন, দেশটিতে বর্তমানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলো মাল্টিপ্লেক্স। কোনো সিনেমা ব্যবসাসফল হলে সেখানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। মূলত বড় বাজারের সম্ভাবনা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এই অভিনেতা। তবে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে পাওয়া তথ্যের সঙ্গে শাকিবের দাবির মিল নেই। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি প্রদর্শনী পর্দা রয়েছে।

অন্যদিকে, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের ২০২৫ সালের মার্চের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় সচল পর্দার সংখ্যা ছিল ১১৫টি। তবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও প্রদর্শনী পর্দার হিসাব এক নয়। ফলে সংখ্যায় কিছু পার্থক্য থাকলেও ১২০০টির বেশি সচল হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৮০ সালের দিকে পাকিস্তানে ১২০০টির বেশি সিনেমা হল ছিল বলে ২০২১ সালে প্রকাশিত একটি বইয়ে উল্লেখ রয়েছে। অতীতের পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে শাকিব অভিনীত ‘মহব্বত’ সিনেমায় তার বিপরীতে থাকছেন পাকিস্তানের কিনজা হাশমী। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের ঈদে।