'মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন নাগরিকের মৌলিক অধিকার হরণ করবে'

'মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন নাগরিকের মৌলিক অধিকার হরণ করবে'

ফন্ট সাইজ:

মতপ্রকাশ ও বাকস্বাধীনতা লঙ্ঘন নাগরিকের মৌলিক অধিকার হরণ করবে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটি বলেছে, যে রাষ্ট্রে মানুষ নির্ভয়ে কথা বলতে পারে না, সে রাষ্ট্রে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অধিকার আয়োজিত এক আলোচনা সভায় লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পড়েন অধিকারের অ্যাডভোকেসি ডিরেক্টর তাসকিন ফাহমিনা।
লিখিত বক্তব্যে বলা হয়, মতপ্রকাশ ও বাকস্বাধীনতার বিষয়টি বিশ্বজনীন স্বীকৃত। ১৯৪৮ সালে জাতিসংঘে গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৯ অনুচ্ছেদে প্রত্যেকের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে। এছাড়া ১৯৬৬ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি (ICCPR) অনুযায়ী, এতে অনুস্বাক্ষরকারী রাষ্ট্রগুলো তা মানতে বাধ্য। বাংলাদেশ ২০০০ সালে এই চুক্তিতে অনুসমর্থন করেছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে।

অধিকার বলেছে, মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক আইন ও দেশের সংবিধান লঙ্ঘন করে চব্বিশের জুলাই-পূর্ববর্তী সব সরকারই বাংলাদেশের মানুষের মতপ্রকাশ ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে নিবর্তনমূলক আইন প্রয়োগ করে নিপীড়ন চালিয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বহাল ছিল। এ সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনার কারণে এসব আইনে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হতো এবং কারাগারে পাঠানো হতো। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লেখক মুশতাক আহমেদ কারাবন্দি অবস্থায় মারা যান।
এতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে উচ্ছেদ করে। জনগণকে মতপ্রকাশ ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করে নিপীড়ন চালানোর কারণে তাদের মধ্যে যে ক্ষোভ ও ক্রোধের সৃষ্টি হয়েছিল, গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পেছনে এটিও অন্যতম কারণ ছিল। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ওপর নিপীড়ন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
অধিকার জানায়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতা গ্রহণের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নয় মাসে আট ব্যক্তিকে মতপ্রকাশের কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে মতপ্রকাশের কারণে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবার, মন্ত্রী, সংসদ সদস্য কিংবা সরকারের সমালোচনা বা কটূক্তি করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
লিখিত বক্তব্যে গাজীপুরের সিফাত আবদুল্লাহ ও শ্রীপুরের আশরাফুল ইসলাম সজলের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরা হয়। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য ও কটূক্তি করার কারণে সিফাত আবদুল্লাহকে ৩ সেপ্টেম্বর এবং আশরাফুল ইসলাম সজলকে ২৬ সেপ্টেম্বর সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয় বলে এতে উল্লেখ করা হয়।
এছাড়া ময়মনসিংহের ভালুকায় বিউটি পার্লারের মালিক সাথী আক্তারকে ২৬ অক্টোবর গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরে অধিকার। লিখিত বক্তব্যে বলা হয়, সাথী আক্তারের মালিকানাধীন বিউটি পার্লারের দুটি শোরুমের বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। এর আগের মাসে একটি এয়ার কন্ডিশনার থেকেও তার চুরি হয়। এ কারণে ক্ষুব্ধ সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, "আমি বিএনপি সরকারকে ভোট দিয়ে এখন ভুক্তভোগী।" তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তার দোকান ঘেরাও করেন। এ পরিস্থিতিতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরের দিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
অধিকার জানায়, বিগত অন্তর্বর্তীকালীন সরকার মতপ্রকাশ ও বাকস্বাধীনতা সমুন্নত রেখে সাইবার সুরক্ষা নামে একটি অধ্যাদেশ জারি করে। কিন্তু অধ্যাদেশটি বিএনপি সরকার জাতীয় সংসদে পাস না করায় তা বাতিল হয়ে যায়। এরপর সরকার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর একটি খসড়া প্রস্তুত করেছে। সরকার বলছে, সাইবার নিরাপত্তা আরও শক্ত করার জন্য এই সংশোধনী প্রয়োজন।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত আইনের খসড়ায় এমন কিছু বিধান রাখা হয়েছে, যা নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর গুরুতর হুমকি সৃষ্টি করবে। শব্দের অস্পষ্টতা বা আইনের অপব্যবহার ভিন্নমত দমনের সুযোগ তৈরি করবে। খসড়া আইনে হ্যাকিং, ম্যালওয়্যার বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় হামলার অপরাধে কোনো পরিবর্তন আনা হয়নি। বড় পরিবর্তনগুলো হয়েছে নাগরিকরা অনলাইনে কী বলতে পারবেন, কী শেয়ার করতে পারবেন এবং সরকার কী মুছে দিতে পারবে, সেই জায়গাগুলোতে।
এতে বলা হয়, সাইবার সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে 'গুজব', 'অপতথ্য' এবং 'মানহানিকর তথ্য'কে অপরাধ হিসেবে গণ্য করার প্রভাব হয়েছে। 'গুজব' বলতে এমন যেকোনো অযাচাইকৃত তথ্যকে বোঝানো হতে পারে, যা বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি করে অথবা তা সৃষ্টির ঝুঁকি তৈরি করে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ফলে মুক্ত আলোচনা ও বিতর্কের পথ সংকুচিত হবে এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভীতিকর প্রভাব সৃষ্টি হবে।
অধিকার বলেছে, এটি সাইবার সুরক্ষা আইন নয়। বরং মানুষের কথা, পোস্ট, শেয়ার, মতপ্রকাশ এবং সমালোচনা নিয়ন্ত্রণ করার আইন। প্রস্তাবিত আইনটি পাস হলে সাইবার পরিসরে নজরদারি ও দমনমূলক ব্যবস্থার ঝুঁকি বাড়বে এবং মতপ্রকাশ ও বাকস্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হবে।
অধিকার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে কেবল ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার কারণে। সুতরাং নাগরিকের মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ওপর যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপ এবং নিবর্তনমূলক আইন তৈরি করে তা প্রয়োগের মাধ্যমে নাগরিকের অধিকার হরণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

অধিকারের সুপারিশ: সরকারের প্রতি কয়েকটি সুপারিশ তুলে ধরে অধিকার। এগুলোর মধ্যে রয়েছে—নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ICCPR) এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের মতপ্রকাশ ও বাকস্বাধীনতা নিশ্চিত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধ করা।
মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার সুরক্ষিত করা এবং 'গুজব', 'অপতথ্য' ও মতপ্রকাশের অনুরূপ অন্যান্য বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা থেকে বিরত থাকার সুপারিশও করেছে সংগঠনটি।
এছাড়া অনলাইনে মতপ্রকাশ-সংক্রান্ত আইনগুলোকে সাংবিধানিক ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, সংবিধান ও ICCPR-এর বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইন কনটেন্টের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার এবং ইন্টারনেটে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা এবং সব পরিস্থিতিতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি নজরদারি ও তথ্যপ্রাপ্তির ক্ষমতা-সংক্রান্ত আইনি কাঠামোর সংস্কার, সুস্পষ্ট আইনি সীমা, পূর্বানুমোদনমূলক বিচারিক অনুমতি ও স্বাধীন তদারকি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
তথ্য সুরক্ষা-সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে রাষ্ট্রীয় সংস্থাগুলোর অব্যাহতির পরিধি সীমিত করা, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও আদান-প্রদানের ক্ষেত্রে সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার, নজরদারির জন্য প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ এবং ব্যবহারের স্বচ্ছতা বৃদ্ধি ও নজরদারি-সংক্রান্ত সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় পর্যালোচনা প্রতিবেদন প্রকাশের সুপারিশ করেছে অধিকার।
এছাড়া সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ক্ষমতা যেন অধিকার খর্ব না করে, বরং সুরক্ষা নিশ্চিত করে, তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে নজরদারি ও কনটেন্ট নিয়ন্ত্রণ প্রতিরোধে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ, প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সংজ্ঞা, জবাবদিহি এবং প্রতিকার পাওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
খসড়া সাইবার সুরক্ষা আইন, ২০২৬ থেকে নিবর্তনমূলক ধারাগুলো বাতিলেরও সুপারিশ করেছে সংগঠনটি।