ইসরাইলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট পরাজিত ও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণার অভিযোগ তুলেছেন।
ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ একটি পোস্ট দেন। এক্সে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ইসরাইলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে তারা রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠদের উসকানিতে বর্ণবাদী ও সহিংসভাবে তাদের বৈধতা অস্বীকার করার প্রচারণার শিকার হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গাদি আইজেনকোট বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেননি, তাদেরও। ইসরাইলের আরব নাগরিকরা দেশটির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেয়া এবং তাদের সামগ্রিকভাবে কলঙ্কিত করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।
গত ২৭শে অক্টোবর ইসরাইলের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই পায়নি। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। তবে ইসরাইলের নিজস্ব নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানানোর অভিযোগেও আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। যদিও এসব দলের নেতারা হামাসের নেতৃত্বে চালানো ওই হামলার নিন্দা জানিয়েছেন।
আইজেনকোট বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে কারও মতবিরোধ থাকতে পারে। এমনকি তাদের কারও কারও প্রতি গভীর বিরাগও থাকতে পারে। কিন্তু একটি গোটা জনগোষ্ঠীকে অপবাদ দেয়া যায় না, দেয়া উচিত নয় এবং আমি তা হতে দেব না। তবে আইজেনকোট ওই দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা হবে ঠিক ৬১।
জাতীয় ঐক্যের সরকার গঠনের উদ্যোগ প্রসঙ্গে আইজেনকোট বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব সম্পন্ন করতে চান। তার ভাষায়, এটি না করা হবে গুরুতর ভুল। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেয়া আইজেনকোটের নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। নির্বাচনের পর রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লেও ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। এমন খবর প্রকাশ হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইলের নিজস্ব সামরিক নেতৃত্ব এবং আইজেনকোটের আগ্রহ নেই। আইজেনকোট দাবি করেছেন, অত্যন্ত জরুরি পরিস্থিতি ছাড়া নেতানিয়াহুর নতুন করে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকা উচিত।
শুক্রবারের পোস্টে আইজেনকোট জানান, বৃহস্পতিবার তিনি নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত জানাননি তিনি। এর আগে সপ্তাহের শুরুতে আইজেনকোট জানিয়েছিলেন, নেতানিয়াহুকেও তার জোট সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি আগ্রহী। নেতানিয়াহুর কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
