গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।
এদিকে গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পল্লী বিদ্যুৎ এলাকা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্প এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সংখ্যক এসআরবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। পরে শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
