অনলাইনে কিশোরীদের যৌন নির্যাতন, বৃটেনে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অনলাইনে কিশোরীদের যৌন নির্যাতন, বৃটেনে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ফন্ট সাইজ:

অনলাইনে ‘ধারাবাহিকভাবে কিশোরীদের প্রলোভনে ফেলা’ ব্যক্তি হিসেবে অভিযুক্ত ২৭ বছর বয়সী এক ভারতীয় শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে বৃটেন। শুক্রবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি আদালত শিশুদের অনলাইনে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা, শোষণ ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে তাকে এ সাজা দিয়েছেন। বিলাল কাজি নামের ওই শিক্ষার্থী অনলাইনে সংঘটিত শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত একাধিক অপরাধের দায় স্বীকার করার পর চেস্টার ক্রাউন কোর্টে তার সাজা ঘোষণা করা হয়।

আদালতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর হিসেবে পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতেন কাজি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

বৃটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিলাল কাজি বিপুলসংখ্যক তরুণ ও অসহায় মেয়েকে প্রলোভনে ফেলা, কৌশলে নিয়ন্ত্রণ করা এবং শোষণের ক্ষেত্রে চরম নির্মমতার পরিচয় দিয়েছেন। তিনি আরও বলেন, অনলাইনে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করতে বাধ্য করতেন তিনি। যারা তার পরবর্তী দাবিগুলো মানতে অস্বীকৃতি জানাত, তাদের ব্ল্যাকমেইল করতেন। এসব অশ্লীল ছবি ও ভিডিও অন্যদের কাছে প্রকাশ করার হুমকি দিতেন।

ম্যাকরব বলেন, ভুক্তভোগীদের আকৃষ্ট করতে এবং তাদের বিশ্বাস অর্জনের জন্য তিনি নিজেকে কিশোর হিসেবে পরিচয় দিতেন। ফলে অনেকেই মনে করত, তার সঙ্গে তাদের সত্যিকারের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাদের কেউ কেউ গুরুতর ও দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের শিকার হয়েছেন।

সিপিএস জানিয়েছে, তাদের সংগঠিত শিশু যৌন নির্যাতনবিষয়ক ইউনিট আদালতে চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তকারীদের সংগ্রহ করা বিপুল পরিমাণ প্রমাণ উপস্থাপন করেছে। চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, কাজির অপরাধের ব্যাপকতা এতটাই বেশি ছিল যে এটি ছিল অত্যন্ত বিশাল একটি তদন্ত। এর জন্য উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ এবং পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন হয়েছে।

তিনি বলেন, কাজির লক্ষ্যবস্তু হওয়া মেয়েরা ছিল অল্পবয়সী ও অসহায়। তাদের অনেকের কাছেই কাজির সঙ্গে যোগাযোগ ছিল এমন একটি সম্পর্কের প্রথম অভিজ্ঞতা, যেটিকে তারা প্রেমের সম্পর্ক বলে বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে কাজি তাদের বোঝাতেন যে তার আচরণ স্বাভাবিক। হিউজ আরও বলেন, তার অপরাধ ভুক্তভোগীদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। অনেকেই সব সময় আতঙ্কে থাকত- তার দাবি পূরণ না করলে কাজি কী করবেন। কেউ কেউ বছরের পর বছর সেই ভয় বয়ে বেড়িয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ গঠনমূলক বছরগুলো কাজির নির্যাতনের মানসিক আঘাতে ছায়াচ্ছন্ন হয়ে পড়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ভুক্তভোগী জানান, ১৩ বছর বয়সে তিনি স্ন্যাপচ্যাটে কাজির সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, কাজির বয়সও তার সমান। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের কথোপকথন যৌন বিষয়ে পরিণত হয়। কাজি তাকে একাধিক অনুপযুক্ত প্রশ্ন করতে থাকেন। চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন, আমি আশা করি, এই মামলা অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং শিশুদের যৌন শোষণ বন্ধে আমাদের অঙ্গীকারের প্রমাণ হিসেবে কাজ করবে। একই সঙ্গে যারা কাজির মতো মনে করে যে পর্দার আড়ালে লুকিয়ে থাকলে তারা পরিচয়হীন ও ধরাছোঁয়ার বাইরে থাকবে, তাদের জন্য এটি সতর্কবার্তা হওয়া উচিত।

বৃটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাইয়ে প্রথম ভুক্তভোগী কাজিকে জানান, তিনি শুধু বন্ধু হিসেবে থাকতে চান এবং আর কোনো ছবি পাঠাতে চান না। এর প্রতিক্রিয়ায় কাজি তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাকে বিভিন্ন নামে অপমান করেন এবং দাবি করেন, ওই কিশোরী তার সম্পত্তি। এরপর কাজি হুমকি দেন, তার দাবি না মানলে আগে পাঠানো ছবি ও ভিডিও ভুক্তভোগীর বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। কাজির হুমকিতে ভীত হয়ে ওই কিশোরী বাধ্য হয়ে তাকে যৌন উত্তেজক ছবি ও ভিডিও পাঠাতে থাকেন। এর কিছুদিন পর ভুক্তভোগীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করা হয়। কাজির কাছে পাঠানো ছবি ও ভিডিও তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেয়া হয়। পরে ২০২১ সালের নভেম্বরে তিনি ডার্বিশায়ার পুলিশের কাছে কাজির বিরুদ্ধে অভিযোগ করেন।

তদন্তে জানা যায়, কাজির সর্বশেষ পরিচিত ঠিকানা ছিল চেস্টারে। এ কারণে মামলাটি চেশায়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে জানা যায়, কাজি দেশ ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে বৃটেনে ফিরে আসার সময় হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চেশায়ার পুলিশ জানায়, তদন্তকারীরা ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করেন। কাজির ডিভাইস থেকে উদ্ধার করা ব্যবহারকারীর নাম ও অন্যান্য তথ্যের ভিত্তিতে বিশেষ ভুক্তভোগী শনাক্তকরণ কর্মকর্তারা তাদের খুঁজে বের করার কাজ করেন। এর ফলে বৃটেনের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতায় ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। কাজির অপরাধের সময় তাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে।