পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
এ ঘটনায় আহত হয়েছেন থ্রি হুইলারের অপর ৫ যাত্রী। এর আগে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং অনলাইন পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্প নগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম এবং তাদের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত ৭ জনকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রমিলা রাণীর মৃত্যু হয়। পরে মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের চাপায় থ্রি হুইলারের তিনযাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।’
পঞ্চগড়ে থ্রি হুইলারকে ধাক্কা ট্রাকের, চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ১০ঃ০৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
