প্রথম আলো
‘খুলনায় বারবার গুলি, আতঙ্কে মানুষ’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ছয়জন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে অপরাধী গোষ্ঠীগুলো। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘটছে এসব ঘটনা। আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষও।
২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২২ দিনে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। এর মধ্যে একটি ঘটনায় চাঁদার দাবিতে ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটির তিনটি রূপসা উপজেলায় এবং অন্যটি ডুমুরিয়ায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জাকির পেশায় ইট-বালুর ব্যবসায়ী। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির (বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটি) সদস্য ছিলেন।
গতকাল বিকেলে রূপসার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ শেষে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, তারা মাদকের বাজার বসিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাঁকে হত্যা করছে। এ পর্যন্ত তারা আমাদের ৮-১০ জন নেতা–কর্মী হত্যা করেছে।’
সন্ত্রাসীদের তালিকা করে এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়ে সিটি প্রশাসক বলেন, ‘তা না হলে কেউ বাঁচবে না। কারোরই জীবন রক্ষা সম্ভব হবে না, যদি আমরা এখনই শক্ত পদক্ষেপ না গ্রহণ করি।’
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্যও আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না। অন্যদিকে চাঁদার দাবিতে ওষুধের দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার একাধিক ঘটনা ঘটেছে।
চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনা থামানো যাচ্ছে না কেন? প্রথম আলোর এমন প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গত মঙ্গলবার খুলনায় মানববন্ধন হয়েছে। নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য পুলিশ–প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তফা কামাল বলেছিলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চাঁদা না পেলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে। এসব ঘটনায় পুলিশকে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাচ্ছে না।
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি খুলনা মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নগরের টুটপাড়ার চয়নিকা ফার্মেসি ও রূপসার মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ফার্মেসি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় কয়েকটি ফার্মেসি বন্ধ রয়েছে। আগামী তিন দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
চাঁদা দাবির ঘটনায় গত সোমবার থেকে বুধবার পর্যন্ত নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ ছিল। একই এলাকার আরও সাত থেকে আটটি ওষুধের দোকান বন্ধ করে দেন মালিকেরা। বৃহস্পতিবার পুলিশের আশ্বাসে সেগুলো খুলেছে। তবে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।
মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের অধিকাংশের পেছনে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের মতো কারণ রয়েছে। তবে এই অস্ত্রবাজিতে সাধারণ মানুষও হতাহত হচ্ছেন।
৮ নভেম্বর রাতে খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মশিউর রহমান। তিনি মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে মশিউর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার বাঁ পাঁজরের নিচে লাগে। নগরে সাধারণ মানুষের চলাফেরা অনিরাপদ হয়ে উঠেছে।’
বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
এর আগে ৫ নভেম্বর দুপুরে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তরিকুল ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। ওই ঘটনায় কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার না হলেও ঘটনাস্থল থেকে রিভলবারের দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
তরিকুলের বাবা আবদুস সালাম শেখ বলেন, বিল ডাকাতিয়ার উত্তর বিলে ৪২ বিঘা জমি ইজারা নিয়ে মাছ চাষ করতেন তাঁর ছেলে। স্থানীয় কিছু লোক ছেলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তবে কারা চাঁদা চেয়েছিল, সে বিষয়ে তরিকুল পরিবারের কাউকে কিছু বলেনি।
গত ২৭ অক্টোবর দুপুরে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে একটি টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে কোম্পানির এক কর্মী আহত হন।
২৪ অক্টোবর সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়ায় গুলিবিদ্ধ হন কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু। চাকরির পাশাপাশি তিনি একটি দোকান চালান। টুটপাড়া গাছতলা এলাকায় তাঁর দোকানে তাঁকে গুলি করা হয়। পুলিশ বলছে, ঘটনার পেছনে চাঁদাবাজির বিরোধ থাকতে পারে। এ বিষয়ে ধনঞ্জয় কুণ্ডুর পরিবারের কেউ কথা বলতে চাননি।
নেপথ্যে মাদক কারবার, আধিপত্য বিস্তার
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সাম্প্রতিক সময়ে অপরাধের বেশির ভাগ ঘটনায় ঘুরেফিরে নয়টি সন্ত্রাসী গ্রুপের নাম এসেছে। তারা আধিপত্য বিস্তারে এতটাই বেপরোয়া যে জনবহুল এলাকাতেও প্রকাশ্যে গুলি করতে দ্বিধা করছে না।
পুলিশের একাধিক সূত্র বলছে, খুলনায় সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান শেখের আরমান গ্রুপ, শাকিল শেখের শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ। এর মধ্যে নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গনিকে গত ৪ অক্টোবর দিঘলিয়া উপজেলায় গুলি করে হত্যা করা হয়।
২ নভেম্বর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে মেহেদী হাসান ও রেজাউল করিম।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুজনই ‘বি কোম্পানি’ নামে পরিচিত অপরাধী চক্রের সদস্য ছিলেন। ওই গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মাদক কারবারের বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।
এর আগে ২৭ অক্টোবর বটিয়াঘাটার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে যুবদল নেতা সোহেল শেখকে গুলি করে দুর্বৃত্তরা। ওই দিন সন্ধ্যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় যুবদলের সাবেক নেতা অহিদুল ইসলাম ওরফে বাদলকে গুলি করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, বটিয়াঘাটায় দুই যুবদল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক কারবার, আধিপত্য বিস্তার এবং জমিজমা কেনাবেচা নিয়ে বিরোধের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, আহত দুজন এখনো ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
এর আগে ২২ অক্টোবর খুলনা নগরে পৃথক ঘটনায় তাওহিদুল ইসলাম ও খুশি আক্তার নামের দুজন গুলিতে নিহত হন। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তাওহিদুল ‘পলাশ গ্রুপের’ সদস্য ছিলেন। এই গ্রুপের সঙ্গে রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর গ্রুপ বা বি কোম্পানির বিরোধ রয়েছে। অন্যদিকে খুশি আক্তার বি কোম্পানির হয়ে মাদক বিক্রি করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ দুটি হত্যাকাণ্ডের পেছনে মাদকের কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে বলে দাবি পুলিশের।
গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। গ্রেপ্তার শাহারিয়ারের বিরুদ্ধে খুলনা নগরের বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, বেশির ভাগ হত্যাকাণ্ড ও গুলির ঘটনার পেছনে মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরোধ কাজ করেছে। মাদক কারবার, চাঁদাবাজি ও এলাকা দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে।
অস্ত্র উদ্ধার হলেও গুলি থামছে না
খুলনা নগর ও জেলায় গুলির ঘটনার পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্যও দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১টি বিদেশি পিস্তল ও ৭টি বিদেশি রিভলবার রয়েছে। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৮১ জন।
জেলা পুলিশ গত ২৪ অক্টোবর পর্যন্ত ২৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এসব ঘটনায় ১৮টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩৮ জনকে।
নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর অনেকগুলো একই ধরনের এবং বেশির ভাগই ভারতে তৈরি। অস্ত্রগুলো সচল অবস্থায় পাওয়া গেছে। এসব অস্ত্রের দাম ১৮ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। নগর গোয়েন্দা পুলিশের অনুমান, নগরে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।
সন্ত্রাস দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে।
গত বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, র্যাব-৬, জেলা পুলিশ, নৌ পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের (সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফরের সময় দলের পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছিল। অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
খুলনায় কোনোভাবেই সন্ত্রাসীদের দৌরাত্ম্য চান না উল্লেখ করে হুইপ রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সমস্যার সমাধান করবেন। প্রশাসনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ব্যবস্থা নিতে হবে। রকিবুল ইসলাম বকুল আরও বলেন, ‘যে ব্যক্তি যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নেতা হোক কিংবা যার ছত্রচ্ছায়াতেই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামব।’
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘ফের ভুলের ফাঁদে আ.লীগ’। প্রতিবেদনে বলা হয়, শুধু ককটেল হামলা, যানবাহনে আগুন কিংবা ঝটিকা মিছিল করেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা-এমন প্রশ্ন সুধী সমাজের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীর মধ্যেও উঠছে। বলা হচ্ছে, নাশকতা সৃষ্টির কৌশল গ্রহণ করে আওয়ামী লীগ আবারও ভুল রাজনীতির ফাঁদে পড়েছে। কারণ দুনিয়া কাঁপানো একটি গণ-অভ্যুত্থানে পতন এবং এর আগে হাজার মানুষকে হত্যা ও গুমের ঘটনায় দলটি এখন পর্যন্ত কোনো ভুল বা অনুশোচনা প্রকাশ করেনি। প্রমাণিত হওয়ার পরেও দলটির কেউ আজ পর্যন্ত জবাব দেয়নি যে, কেন তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল। উলটো গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া এই দলটি নাশকতা সৃষ্টি করে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে কখনো কিছুটা প্রকাশ্যে আবার কিছুটা গোপনে নানা ধরনের কর্মসূচি পালন করছে। প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় দলটির একাংশের গোপন সাংগঠনিক যোগাযোগ, অনলাইন প্রচার, ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এমনকি যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মতে, দলটির নেতাকর্মীদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে একদিকে আতঙ্ক তৈরি করছে, অপরদিকে প্রকাশ্য রাজনীতিতে ফেরার পথ আরও সংকুচিত হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এসব ঘটনা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা। কারণ বিএনপির নেতৃত্বাত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র দশ মাস। এর মধ্যে সরকারের বড় ধরনের কোনো ভুল চোখে পড়েনি। যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করা হয়, সেই গুম-খুন ও গণহত্যার সঙ্গে বর্তমান সরকার জড়িত বলে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আর হাসিনা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতো হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগও শোনা যায়নি। পরপর তিনটি পাতানো নির্বাচন করার অভিযোগও এই সরকারের বিরুদ্ধে নেই। তাছাড়া জুলাই হত্যার নৃশংসতা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। ফলে কী কারণে একটি নতুন সরকার বা দেশকে অস্থির করা হচ্ছে জনমনে তা স্পষ্ট নয়। অনেকের মতে, হাসিনা আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই। কারও কারও মতে, প্রভাবশালী একটি দেশের ইঙ্গিতে এগুলো করা হচ্ছে। কিন্তু কী কারণে বা এর রাজনৈতিক লক্ষ্য কী সে বিষয়ে জনগণের সামনে কোনো বক্তব্য নেই। ফলে শুধু ‘নেত্রী ফিরবেন’ এজন্য বোমা ও ককটেল হামলা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে বিশ্লেষকরা মনে করেন না। বরং এতে জনগণ খুশির বদলে বিরক্ত হবে। জনগণ তার কর্তৃত্ববাদী একগুঁয়েমি শাসনের কারণে বিরক্ত ছিল।
কিন্তু মাত্র দশ মাসের সরকারের ওপরে জনগণ এখনো বিরক্ত হয়নি। ফলে আওয়ামী লীগের লক্ষ্যহীন এই রাজনীতি দলটিকে কোথায় নিয়ে যাবে তা স্পষ্ট নয়। তাছাড়া ডিসেম্বরের মধ্যে হাসিনা ফিরতে না পারলে জনগণের কাছে দলটির ভাবমূর্তি কী হবে এ নিয়েও প্রশ্ন আছে। গণ-অভ্যুত্থানের কারণ বিশ্লেষণ ও পরিস্থিতি মূল্যায়ন না করে নাশকতা সৃষ্টির কৌশল দলটির জন্য রাজনৈতিক ফাঁদে পরিণত হতে পারে বলেও অনেকে মনে করেন। তাদের মতে, দলটি ইতিহাস থেকে ন্যূনতম কোনো শিক্ষা নেয়নি। ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর দীর্ঘ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এরপর জনগণের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের চালচলনে পরিশুদ্ধতা দেখিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা ও গুমের পরেও দলটিকে এখন পর্যন্ত ভুল বা অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং শুধু ‘ষড়যন্ত্র’ তত্ত্বের বয়ান তৈরি এবং নাশকতার মধ্য দিয়ে দলটি ফিরতে চাইছে।
তবে বিশ্লেষকরা বলছেন, দলটির নাশকতার এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক সংকট শুধু সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার প্রক্রিয়াও চলমান। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির প্রধান হাসিনার ফাঁসির দণ্ড হয়েছে। শীর্ষ নেতাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে দলটি যত নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, দেশে থাকা নেতাকর্মীদের বিপদ ততই বাড়বে।
গণ-অভ্যুত্থানের আগে ও পরে শেখ হাসিনা পরিবারের প্রায় সব সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতা বিদেশে অবস্থান করে অত্যন্ত বিলাসী জীবনযাপন করছেন বলে জনমনে আলোচনা আছে। অন্যদিকে মধ্যম ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা গত দুই বছর মোটামুটি স্বস্তিতে থেকে ব্যবসা-বাণিজ্য বা চাকরি করে জীবনযাপন করলেও হাসিনার এই নাশকতার কৌশলের কারণে এখন তারা বিপদে পড়ছেন। কারণ নতুন করে তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে নতুন করে তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য শেখ পরিবার ও দলের শীর্ষ নেতাদের ব্যাপারে তৃণমূলে ক্ষোভ বাড়ছে বলে আলোচনা আছে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ এখন যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তারা যদি মনে করে, ধ্বংসাত্মক এসব কার্যক্রম করে জোর করে ক্ষমতায় আসতে পারবে, তাহলে সেটা হবে একটা স্বপ্ন। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় রিকনসিলিয়েশনের সুযোগ নেই। তারা যদি দায় স্বীকার করত তাহলে ক্ষমার প্রশ্ন আসত। কিন্তু তা করেনি।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই ভুল স্বীকার করে না। রাজনীতিকদের মতে, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে ওই দল হেরে গেছে বা পরাজয় বরণ করেছে। তাই তারা ‘সরি’ বলে না। আর জুলাই গণ-অভ্যুত্থানকে আওয়ামী লীগ স্বীকারই করে না। তাই তারা সরিও বলেনি।
দলটির পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান তৎপরতার মিল খুঁজে পান রাজনীতিকরা। অতীতে বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় শক্তি প্রয়োগ, বিরোধী মতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা এবং দলীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পরিবর্তনের কোনো সুস্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে দৃশ্যমান নয়। বরং আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ ও সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্ব পাচ্ছে বলে পর্যবেক্ষকদের একটি অংশ মনে করেন।
কালের কণ্ঠ
‘সবজির সঙ্গে বিষ যাচ্ছে পেটে’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়, শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে হলে বেশি বেশি সবজি খেতে হবে, এ কথা কে না জানে! কিন্তু যে সবজি আমরা খাব, সেটাও তো ঠিক থাকতে হবে। আমরা দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসী কী সবজি খাচ্ছি প্রতিদিন, জানেন? চলুন, জেনে আসি কালের কণ্ঠের অনুসন্ধানের সঙ্গে—
ঢাকার একদম কাছেই সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। ছোটবেলায় বাবার হাত ধরে তাঁর কৃষিকাজে আসা। এরপর দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এই এলাকায়ই কুমড়া, শসা, শিম, ভুট্টাসহ বিভিন্ন সবজি ও ধান চাষ করছেন। গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রায় দুই বিঘা জমিতে চাষ করা চালকুমড়া ও শসার ক্ষেতে কাঁধে স্প্রে মেশিন নিয়ে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। একদিকে তাঁর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, অন্যদিকে বাতাসে আশপাশের ছিটানো কীটনাশক।
পাশের ক্ষেত থেকে শসা তুলছিলেন আরেক কৃষক জাহাঙ্গীর আলম। তাঁর ক্ষেতেও আব্দুর রাজ্জাকের ছিটানো কীটনাশকের অংশ উড়ে যাচ্ছিল।
আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এভাবেই ক্ষেতে বিষ (কীটনাশক) দিই। মাস্কটাস্ক পরি না। মাঝেমধ্যে বিষ দেওয়ার পরে মাথা ব্যথা করে। পরে আবার তা ঠিক হয়ে যায়।’
‘কীটনাশক দেওয়ার কত দিন পরে ফসল বাজারে বিক্রি করেন?’ জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধারণত যেদিন বিষ দিই, তার এক দিন পরেই ক্ষেতে থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দিই। আবার যদি বাজারে ভালো দাম থাকে, তখন বিষ দেওয়ার পরের দিনও ফসল তুলে বিক্রি করি। আর ফসলে যে পরিমাণ পোকার আক্রমণ হয়, তাতে কোনো কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক স্প্রে করা হয়।
আব্দুর রাজ্জাক প্রোক্লেম-০৫ এসজি নামের একটি কীটনাশকের প্যাকেট হাতে নিয়ে দেখিয়ে বলেন, ‘আজ এটা দিয়েছি। চালকুমড়া বিক্রির উপযোগী হয়েছে। আর এক দিন পরেই তুলে বাজারে বিক্রি করব।’
কীটনাশকের প্যাকেটটি হাতে নিয়ে দেখা যায়, লাল কালিতে প্যাকেটের ওপরই লেখা রয়েছে, ‘প্রোক্লেম শেষ প্রয়োগের পরবর্তী সাত থেকে ১৪ দিন ফসল তোলা থেকে বিরত থাকতে হবে।’ কিন্তু কে মানে এসব নির্দেশনা? আর এগুলো দেখার দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁরাও বিষয়টিকে গুরুত্ব দেন না।
আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষ ছিটানোর পরে সাত দিন অপেক্ষা করার সময় কোথায়? যখন ফল ধরে না, তখন অপেক্ষা করা যায়; কিন্তু তখনো তো গাছের শাক বিক্রি করি। আর বাজারে আমাদের এই তাজা সবজির চাহিদা অন্য সব সবজির চেয়ে অনেক বেশি। এত সব নিয়ম-কানুন মানতে গেলে দেখা যাবে, ফসল ফলাতে যে খরচ, সেটাই উঠবে না। বাজারে ভালো দাম পেলেই আমরা বিক্রি করে দিই।’
একই গ্রামের শসা চাষ কবা আরেক কৃষক জাহাঙ্গীর আলম কালের কণ্ঠকে বলেন, ‘ঢাকায় দেশি ও টাটকা শসার চাহিদা সবচেয়ে বেশি। আমরা দু-তিন দিন পর পর ঢাকায় শসা পাঠাই। ভোরে তুলে তখনই পাঠিয়ে দিই। এমনও হয় যে আগের দিন গাছে বিষ দিয়েছি, পরের দিন ভোরে শসা তুলে ঢাকায় পাঠিয়ে দিয়েছি।’
ঢাকার কাছাকাছি আর এক জেলা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, বেশির ভাগ এলাকায়ই কৃষকরা আগাম শীতকালীন সবজি তুলছেন এবং শীতকালীন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন। মাঠের পর মাঠে চাষ করা সবজির জন্য মাঝেমধ্যে পানির আধার তৈরি করা। আর সেখানে যেতেই চোখে পড়ে শত শত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারের পরে খালি মোড়ক ফেলে রাখা হয়েছে।
কথা হয় চরদিল্লি গ্রামের কৃষক খালেদুলের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাঠে এখন আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বেগুন, শালগম, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে। এসব সবজি নিয়মিতই আমরা পাইকারি বাজারে বিক্রি করছি, আর সেগুলো ঢাকায় চলে যাচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন কৃষক সরাসরি ঢাকায় নিয়েও বিক্রি করেন।’
সবজিক্ষেতে কোন পদ্ধতিতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করছেন? জানতে চাইলে খালেদুল বলেন, ‘ঢেঁড়স ও ফুলকপিতে এখন বেশি কীটনাশক দিতে হচ্ছে। সপ্তাহে অন্তত একবার দেওয়া হয়, অনেক সময় দুইবারও দিতে হয়। আর কীটনাশক প্রয়োগ করার দু-এক দিন পরেই সবজি কেটে বাজারে বিক্রি করে ফেলি। এখন সবজির যে চাহিদা, তাতে বেশিদিন অপেক্ষা করলে লাভ করা যায় না।’
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘কমিশন বাড়িয়েও নির্ধারিত দামে মিলছে না এলপিজি’। প্রতিবেদনে বলা হয়, দেশে বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি। এক কোটিরও বেশি গ্রাহকের রান্নার এই জ্বালানির বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতের হাতে, যার বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ২০২৫-২৬ অর্থবছরে সাতটি প্রতিষ্ঠান মোট আমদানির ৮৬ শতাংশ করেছে। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ। আমদানিতে এমন আধিপত্য ও সরবরাহে 'সিন্ডিকেটের' কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক। এতে সংকট হয়েছে আরও তীর।
যদিও চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসে সরকার নির্ধারিত দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উৎপাদন, সরবরাহসহ সব পর্যায়ে কমিশন বাড়িয়েছে। এরপরও ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে।
চলতি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম দুই হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৬০০ টাকায়।
পরিবেশকদের অভিযোগ, কোনো কোনো কোম্পানি কারখানা থেকেই নির্ধারিত দরের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে। আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, জাহাজ ভাড়া, বীমা ও আমদানি ব্যয় বেড়েছে।
এলপিজির বেশি দাম নিয়ে সংসদে জরুরি আলোচনার জন্য গত সোমবার নোটিশ দেন বিরোধী দলের পাচ সংসদ সদস্য। তাদের অভিযোগ, ভোক্তা ও সংশ্লিষ্ট পক্ষের মত না নিয়েই দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। মূল্য নির্ধারণের প্রক্রিয়া প্রকাশ্যে আনা এবং বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম সমকালকে বলেন, এলপিজি খাত পুরোপুরি বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিইআরসিও গ্রাহক স্বার্থ দেখছে না। ব্যবসায়ীদের চাপে বারবার দাম বাড়াচ্ছে। বাজার তদারকিতেও তাদের জোরালো ভূমিকা নেই। ফলে দিন দিন জনগণের নাগালের বাইরে যাচ্ছে সিলিন্ডার গ্যাস।
যমুনা এলপিজির ব্যবস্থাপনা সম্পাদক বেলায়েত হোসেন জানান, বিশ্বজুড়ে কাঁচামালের সংকট চলছে। আর যতটুকু আমদানি করা হচ্ছে, তার পুরোটাই সরবরাহ করা হচ্ছে। এটা মজুতের কোনো সুযোগ নেই। জাহাজ আটকে রাখলে বাড়তি জরিমানা গুনতে হয়।
দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ
গত মার্চে ১২ কেজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ছিল এক হাজার ৩৪১ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে দুই হাজার ৬০ টাকা। শুধু নভেম্বরেই দাম বেড়েছে ২২৩ টাকা, ৫৩ দশমিক ৬ শতাংশ। যদিও কখনোই সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার গ্যাস মেলে না। সব সময় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হয় গ্রাহককে।
বড় সিলিন্ডারে বাড়তি খরচের পরিমাণ আরও বেশি। তবে পাঁচ-ছয় মাস ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০-৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে
বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা। সরবরাহ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার জন্য কোম্পানিগুলোর মূল্যনীতি ও সরবরাহ ব্যবস্থাকে দায়ী করছেন পরিবেশকরা। পরিবেশক সমিতির এক নেতা অভিযোগ করেন, কোনো কোনো কোম্পানি কারখানা থেকে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অথচ চালান বা মেমোতে দাম দেখাচ্ছে এক হাজার ৯০৫ টাকা। ফলে পরিবেশকদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর বিইআরসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে পরিবেশকদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। অভিযোগে সংগঠনটি জানায়, অপারেটর কোম্পানিগুলো কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডিলারদের কাছে এলপিজি বিক্রি করছে। অথচ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও হয়রানির শিকার হচ্ছেন কেবল প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা।
ইত্তেফাক
‘গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু মশা নিধনের তাগিদ’—এটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, দেশে এডিস মশার বিস্তার কমছে না। প্রধানত বর্ষাকালের রোগ হলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবেশি ১২ মাসই থাকতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। তাদের মতে, অক্টোবর-নভেম্বর থেকে বৃষ্টিপাত কমে যায়। তখন ডেঙ্গুর প্রাদুর্ভাব কিংবা জ্বরে আক্রান্ত হার শূন্যের কোটায় নেমে আসে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে শিশু থেকে সব বয়সের নারী-পুরুষ ব্যাপকহারে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর হারও বেড়েছে। অক্টোবর শেষ হয়ে নভেম্বর মাসের অর্ধেক সময় পার হচ্ছে। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার কমছে না এবং মৃত্যু হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে আক্রান্তের হার ও মৃত্যু বেশি দেখা যাচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও বেসরকারি ছয়টি হাসপাতালে সরেজমিনে গিয়ে কর্তৃপক্ষ এবং চিকিত্সকদের সঙ্গে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে আলাপকালে তারা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে গ্রামাঞ্চল থেকে আগতদের সংখ্যা বেশি। মৃত্যু ও আক্রান্তের হারও বেশি। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই সর্বাধিক। আইসিডিডিআর,বির একদল বিজ্ঞানী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বংশ বিস্তার নিয়ে গবেষণার চালিয়ে যাচ্ছেন। সেই টিমের একজন বিজ্ঞানী জানান, গ্রামাঞ্চলে ডেঙ্গু প্রজননের ঘনত্ব বেশি। এ কারণে গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি এবং আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।
মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিত্সা প্রতিষ্ঠানের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, এডিস মশার বংশ বিস্তারের নিরাপদ স্থান বর্তমানে গ্রামাঞ্চল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে শহরকেন্দ্রিক এডিস মশার প্রজনন কমে যায়। কিন্তু গ্রামাঞ্চলে এডিস মশার প্রজনন অব্যাহত থাকে। সেখানে প্রজননের অনেক স্থান রয়েছে। সেই স্থানগুলো চিহ্নিত করে গ্রামাঞ্চলে এডিস মশার প্রজনন নির্মূল করতে হবে। অন্যথায় ১২ মাসই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সময় থাকতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পরামর্শ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ ডা. বেনজীর আহমেদ বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ১২ মাসই থাকবে কমবেশি। এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। এই জায়গায় আমরা ব্যর্থ। শীত মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাওয়া কিংবা থাকার কথা নয়। কিন্তু উলটো এই সময় ডেঙ্গুর আক্রান্তের হার বেড়ে চলছে। গ্রামাঞ্চলে এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। একইভাবে আক্রান্ত ও মৃত্যু বাড়বে গ্রামাঞ্চলে। সেখানে চিকিত্সা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে ডেঙ্গু জ্বরের চিকিত্সা ব্যবস্থা ঘাটতি রয়েছে বলে তিনি জানান।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম গ্রামাঞ্চলে বেশি করতে হবে। জনবল সংকট থাকলে প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে মশক নিধন কার্যক্রমে সম্পৃক্ততার পরামর্শ দেন তিনি।
ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. শফি আহমদ মোয়াজ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে হেমোজেরিক কারণে শকে চলে যাওয়া শিশুদের সংখ্যা এখন বেশি। গ্রামাঞ্চল থেকে এই ধরনের শিশুরা বেশি আসছে। এ ধরনের শিশুদের আইসিইউ সাপোর্ট ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ডেঙ্গু জ্বরে আক্রান্তের তুলনায় আইসিইউ সংখ্যা কম। সময়মতো আইসিইউ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, চলছে হামের প্রাদুর্ভাব। দুই মিলিয়ে এবার দেখিয়ে দিয়েছে রাজধানী থেকে শুরু করে উপজেলা পর্যন্ত চিকিত্সা ব্যবস্থা কেমন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতেই দীর্ঘ সময় পার হয়ে যায়, এতে আক্রান্ত শিশুদের জটিলতা আরো বেড়ে যায়। স্বাস্থ্য সচেতনতা না থাকায় গ্রামাঞ্চলে জ্বর হলেই পল্লী চিকিত্সক কিংবা ফার্মেসি থেকে ওষুধ কিনে অনেকে শিশুকে খাওয়াচ্ছেন। এ কারণে অনেক শিশু জটিল অবস্থায় ঢাকায় এসে সময়মতো চিকিত্সা না পেয়ে মারা যাচ্ছে বলে তিনি জানান।
দেশের অন্যতম শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, ‘উপজেলা পর্যায়ে ডেঙ্গু ও হামের চিকিত্সাব্যবস্থা রয়েছে। ডেঙ্গুর চিকিত্সা ব্যবস্থাপনার গাইড লাইন চূড়ান্ত পর্যায়ে। গাইড লাইন অনুযায়ী চিকিত্সা ব্যবস্থাপনা দিলে আক্রান্তরা সুচিকিত্সা পাবে।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা সরকারি বিনিয়োগের প্রস্তাব’। প্রতিবেদনে বলা হয়, দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছয় হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে। এর ফলে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে ক্ষমতাসীন সরকারের ব্যাংকটি সরাসরি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
ব্যাংকটি নতুন করে ৬০০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর যে প্রস্তাব করেছে তাতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে এর মাধ্যমে ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমান এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে। গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ মূলধন পুনর্গঠন ও আর্থিক অবস্থার উন্নয়নে এ প্রস্তাব তুলে ধরে ইসলামী ব্যাংক।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, ইসলামী ব্যাংক ৬০০ কোটি অতিরিক্ত সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে চায় এবং সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছে ইকুইটি বিনিয়োগ চেয়েছে। তবে কোনো ব্যাংকের মূলধনে সরকারের কৌশলগত অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় এ বিষয়ে সরকারের সম্মতি জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইসলামী ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সাবেক মালিকপক্ষ যাতে নতুন শেয়ার কিনে আবার ব্যাংকটির ওপর প্রভাব বিস্তার করতে না পারে, সে লক্ষ্যেই সরকারের কাছে বিনিয়োগ চাওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নতুন শেয়ার বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হলে সাবেক মালিকপক্ষ সেগুলো কিনে নেয়ার সুযোগ পাবে। সরকারের বিনিয়োগে ব্যাংকের মূলধন ঘাটতি কমবে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মূলধন সংরক্ষণের শর্ত পূরণে সহায়তা হবে। একই সাথে নতুন শেয়ার ইস্যুর ফলে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাত আরো কমে আসবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং পুনরুদ্ধার কার্যক্রম সফল হলে সরকার এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে পারবে।
অন্যদিকে ব্যাংকটির একজন শীর্ষস্থানীয় সাবেক নির্বাহী বলেছেন, নতুন প্রস্তাব বাস্তবায়ন করা হলে ব্যাংকটির দীর্ঘমেয়াদি উন্নয়ন ঘটবে না। কারণ এতে ব্যাংকটির সাবেক লুটেরা মালিকদের হাতে যে পুঞ্জীভূত খেলাপি ঋণ রয়েছে তা ব্যাংকের তহবিলে ফিরে আসবে না। ফলে ব্যাংকটির খেলাপি ও অকার্যকর তহবিল পরিস্থিতির কোনো উন্নতি হবে না। এর পরিবর্তে এস আলমের অবরুদ্ধ শেয়ার বেসরকারি খাতে বিক্রি করে সে অর্থ খেলাপি ঋণের সাথে সমন্বয় করে ব্যাংককে দেয়া হলে একদিকে খেলাপি ঋণের হার কমবে অন্যদিকে লাভ-ক্ষতির ব্যালান্সশিটে উন্নয়ন ঘটবে। এটি গ্রাহকদের আস্থা তৈরিতে সহায়তা করবে। ব্যাংকের জন্য এটি নতুন প্রস্তাবের চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে।
সরকারি মালিকানার প্রস্তাবে আহসান এইচ মনসুরের আপত্তি
ইসলামী ব্যাংকে সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানা প্রতিষ্ঠার প্রস্তাবের সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তার মতে, ব্যাংকটির সঙ্কট সমাধানে সরকারি মালিকানা বাড়ানো সঠিক পথ নয়। তিনি বলেন, বিশ্বে বিভিন্ন দেশের সরকার ব্যাংক খাত থেকে নিজেদের মালিকানা প্রত্যাহার করছে। অথচ বাংলাদেশ যাচ্ছে উল্টো পথে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান অবস্থা থেকেই সরকারি মালিকানার অদক্ষতা স্পষ্ট। তিনি বলেন, কোনো ব্যাংক সরকার অধিগ্রহণ করলেই তার অবস্থার উন্নতি হয় না। ইসলামী ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সরকারের হাতে গেলে প্রতিষ্ঠানটির যে সুনাম এখনো অবশিষ্ট রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আহসান এইচ মনসুর আশঙ্কা প্রকাশ করেন, ছয় হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ কয়েক বছরের মধ্যেই অপচয় হয়ে যেতে পারে। এরপর ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারকে আবারো অর্থ দিতে হতে পারে।
বিকল্প হিসেবে তিনি ব্যাংকটির সাবেক বিদেশী শেয়ারহোল্ডারদের বিনিয়োগ ফিরিয়ে আনা কিংবা নতুন বিদেশী বিনিয়োগকারী আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন। অতীতে ইসলামী ব্যাংকের বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), দুবাই ইসলামিক ব্যাংক এবং কুয়েত ফাইন্যান্স হাউজ ছিল। পাশাপাশি দেশীয় বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও বিনিয়োগ সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক এই গভর্নর।
অন্যদিকে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুন মনে করেন, প্রস্তাবটি অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করা দরকার। তিনি বলেন, বিনিয়োগের আগে ব্যাংকটির প্রকৃত মূলধন পরিস্থিতি ও সম্পদের গুণগত মান (অ্যাসেট কোয়ালিটি) যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সাথে ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং তা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বণিক বার্তা
‘ভালো রেমিট্যান্স প্রবাহেও বাজার স্থিতিশীলে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এখন মাত্র ৪ শতাংশের ঘরে। টানা চার বছর ধরে মূলধনি যন্ত্রপাতির আমদানিও ঋণাত্মক। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিজনিত ব্যয় ছাড়া নতুন করে ডলারের চাহিদা তৈরির মতো বড় কোনো চাপও নেই অর্থনীতিতে। এর বিপরীতে দেশে রেমিট্যান্স প্রবাহ রয়েছে রেকর্ড উচ্চতায়। তার পরও চার মাস ধরে ঊর্ধ্বমুখী ডলারের বিনিময় হার। এ সময়ে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম বেড়েছে অন্তত ২ টাকা। খুচরা বা কার্ব মার্কেটে তা ১২৯ টাকা ছুঁয়েছে। হঠাৎ সৃষ্টি হওয়া চাহিদা মেটাতে তাই রিজার্ভ থেকে আবারো ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতে মন্দা সত্ত্বেও ডলারের চাহিদা হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব। সেই সঙ্গে আসন্ন রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের আমদানিও বেড়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের কেউ কেউ অবশ্য ভিন্ন কথাও বলছেন। একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহীসহ ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধির পরও ডলারের এত চাহিদা তৈরি হওয়ার কথা নয়। দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসছে। তাই বাজারে কেউ কারসাজি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা, সেটি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে দেশ থেকে আবারো অর্থ পাচার বেড়ে গেছে কিনা, সেটিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
কার্ব মার্কেটের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় ওমরা পালন কমে গেছে। হজের মৌসুমও এখনো অনেক দেরি। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মধ্যবিত্তের বিদেশ ভ্রমণের প্রবণতাও এখন আগের চেয়ে কম। এর পরও কার্ব মার্কেটে ডলার কেনার চাহিদা অনেক। তবে দাম আরো বাড়তে পারে—এমন আশঙ্কা থেকে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাজার থেকে অতিরিক্ত ডলার কিনে মজুদ করছে কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার স্থিতিশীল রাখার স্বার্থেই রিজার্ভ থেকে সীমিত পরিমাণ ডলার বিক্রি করতে হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের বাড়তি ডলার ব্যয় করতে হচ্ছে। আর রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের এলসি (ঋণপত্র) খোলাও বেড়েছে। এতে বাজারে ডলারের চাহিদা একটু বেশি। আমরা চাই না এ চাহিদার সুযোগ নিয়ে কোনো পক্ষ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করুক। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিসরে বাজারে কিছু ডলার বিক্রি করেছে।’
রিজার্ভ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ভালো। তাই বিনিময় হার ঘিরে নতুন কোনো অস্থিরতা তৈরির সুযোগ নেই। কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিনা, আমরা সেদিকেও নজর রাখছি।’
বাংলাদেশ ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখার নামে বাজারে বড় অঙ্কের ডলার বিক্রি শুরু করে ২০২১-২২ অর্থবছরে। ওই সময় রিজার্ভ থেকে ৭৬২ কোটি বা ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলারেরও বেশি বিক্রি করা হয়। এরপর ২০২২-২৩ অর্থবছরে এ বিক্রির পরিমাণ সাড়ে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সব মিলিয়ে ২০২০ সালের জুন-পরবর্তী পাঁচ বছরে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংক ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। একই সময়ে বাজার থেকে ১২ দশমিক ৩৩ ডলার কেনা হয়েছিল।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর চলতি বছরের সেপ্টেম্বরে এসে আবারো ডলার বিক্রি শুরু করতে হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বাজারে ২০১ মিলিয়ন বা ২০ কোটি ১০ লাখ ডলার বিক্রি করেছে। ওইদিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। অথচ চলতি অর্থবছরের শুরুতেও গত জুলাইয়ে ডলারের দর ১২৩ টাকার নিচে ছিল।
ডলারের বিনিময় হারে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয় ২০২২ সালে। ওই বছরের ১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা। মাত্র এক বছরের মাথায় ২০২৩ সালের জানুয়ারিতে এ দর ১০৩ টাকায় ঠেকে। আর ২০২৪ সালের জানুয়ারিতে ডলারের বিনিময় হার দাঁড়ায় ১১০ টাকায়। ওই বছরের ১ জুন এ দর ১১৮ টাকায় গিয়ে ঠেকে।
আগস্টে গণ-অভ্যুত্থানের পর গভর্নর হিসেবে যোগ দেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই তিনি ডলারের বিনিময় হার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেন। ২০২৫ সালের ১৪ মে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। ওইদিন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা। বাজারভিত্তিক করার পরও চলতি বছরের জুন পর্যন্ত ডলারের বিনিময় হার পুরোপুরি স্থিতিশীল ছিল।
নতুন করে সংকট সৃষ্টি হওয়ায় আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের লেনদেনে বড় পতন ঘটেছে। গত ১১ নভেম্বর এ বাজারে তিনটি ডিলে মাত্র ৪৬ লাখ ডলারের লেনদেন হয়। অথচ আগের মাসের ১০ অক্টোবর লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ ডলার। এক্ষেত্রে ডিল সংখ্যা ছিল ৪৬। গত মাসের শুরু থেকেই লেনদেন সংখ্যা ও পরিমাণ কমতে শুরু করে। আর নভেম্বরে এসে তা একেবারেই কমে গেছে। চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত ৪ নভেম্বর, ৫ কোটি ১৭ লাখ ডলার।
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম ‘বিশ্ব ডায়াবেটিস দিবস: আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ’। প্রতিবেদনে বলা হয়, মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, এমনকি শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত।
শিশুদের ক্ষেত্রে স্থূলতা ও পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকার সঙ্গে রোগটির সম্পর্ক পাওয়া গেছে। অন্যদিকে, তরুণদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেটের অতিরিক্ত মেদ, শরীরচর্চা ও পরিশ্রমের অভাব এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের যোগসূত্র পাওয়া গেছে। সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
একই বয়সী প্রতি পাঁচজনের প্রায় একজন প্রিডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তবে তা এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ডায়াবেটিসের প্রধান তিনটি ধরন—টাইপ-১, টাইপ-২ ও গর্ভকালীন। টাইপ-১ ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষ ধ্বংস করে দেয়। আর টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা ও জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে এ ধরনের ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। গর্ভাবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। আর প্রিডায়াবেটিস ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ায়।
গবেষণা দুটির একটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির (এএসিই) বৈজ্ঞানিক সাময়িকী ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’ এবং একই দেশের সেজ পাবলিকেশনসের (এসএজিই) সাময়িকী ‘সেজ ওপেন পেডিয়াট্রিকস’-এ।
‘আর্লি-অনসেট টাইপ-২ ডায়াবেটিস ইন বাংলাদেশ: ন্যাশনাল এস্টিমেটস অ্যান্ড রিস্ক কোরিলেটস’ শীর্ষক গবেষণাটি ‘এএসিই এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটিস’ সাময়িকীর গত মার্চ-এপ্রিল সংখ্যায় প্রকাশিত হয়। এ গবেষণার জন্য ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের আট বিভাগের শহর ও গ্রামীণ এলাকায় তথ্য সংগ্রহ করা হয়।
প্রথম গবেষণাটিতে ১০ থেকে ৩৪ বছর বয়সী ২ হাজার ৩০০ জন অংশ নেন। তাঁদের মধ্যে ১০৪ জনের ডায়াবেটিস শনাক্ত হয়। অর্থাৎ অংশগ্রহণকারীদের প্রতি ১০০ জনে সাড়ে চারজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ ছাড়া ৪২৩ জনের প্রিডায়াবেটিস পাওয়া যায়, যা মোট অংশগ্রহণকারীর ১৮ দশমিক ৪ শতাংশ।
গবেষণাটির উদ্বেগজনক তথ্য হলো, ডায়াবেটিস শনাক্ত হওয়া ১০৪ জনের মধ্যে ৬৯ জনই (৬৬ শতাংশ) এর আগে নিজেদের রোগ সম্পর্কে জানতেন না।
বয়সভেদে ডায়াবেটিসের বিভিন্ন রকম হার দেখা গেছে। ১৯ থেকে ৩৪ বছর বয়সী তরুণদের মধ্যে এ রোগের হার ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ১ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে ডায়াবেটিসের হার ৬ শতাংশ, গ্রামাঞ্চলে ৩ দশমিক ২ শতাংশ।
দেশ রূপান্তর
‘অস্থিরতার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ড’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশজুড়ে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে ফের সক্রিয় হয়ে উঠছে আত্মগোপনে থাকা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছে অন্য অপরাধী চক্রও। সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক ও রাজনৈতিক এই অস্থিরতায় হাত মিলিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতা। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থেকে দিকনির্দেশনা দিচ্ছেন। সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসীদের অনেকে দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশে থাকা সহযোগীরা তাদের নির্দেশনা মোতাবেক কাজ করছে। এ খাতে বড় অঙ্কের অর্থ ঢালছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। পুলিশ সদর দপ্তরের একটি গোপন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, এই চক্রের মধ্যে কিছু পুলিশ সদস্যদের যোগসাজশের আলামতও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে বোমা হামলা, অগ্নিসংযোগ এবং টার্গেট কিলিংয়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনেও এই চিত্র পাওয়া গেছে। তারই আলোকে গত বৃহস্পতিবার দুপুরে পুলিশের উচ্চপর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক থেকে নতুন করে রেঞ্জ ডিআইজি, সব জেলার পুলিশ সুপার ও ইউনিট প্রধানদের কাছে কঠোর বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, যেসব স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে সেখানকার দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
অপরাধ বিশ্লেষক ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা নতুন ছকে মাঠ দখলের লড়াইয়ে নেমেছে। এর পেছনে বিপুল পরিমাণ কালোটাকা ঢালা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক ইন্ধনদাতাদের বিষয়টিও এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশ রূপান্তরকে বলেন, দেশের শান্ত পরিবেশকে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ভয়ংকর অপরাধীদের ব্যবহার করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছি। তবে তাদের সেই আশা পূরণ হবে না। বোমাবাজসহ অন্য অপরাধীদের ধরতে পুলিশের সবকটি ইউনিট কাজ করছে। যারা তাদের অর্থায়ন করছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছি। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের বিষয়েও সতর্কদৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কথা হয় পুলিশের আরও কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে। তারা দেশ রূপান্তরকে জানায়, দেশজুড়ে ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনায় হামলা এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা-উপজেলায় সংগঠিত এসব ঘটনা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর কোনো চক্রান্ত তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তদন্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনেছে পুলিশ। তবে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার মতো পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে অপরাধজগতের পুরনো যোগাযোগ, স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী, অর্থের জোগানদাতা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের সম্ভাব্য সম্পর্কও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। এসব সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থদাতা, পৃষ্ঠপোষক ও সক্রিয় সদস্যদের শনাক্ত করতে না পারলে পরিস্থিতির সুযোগ নিয়ে অপরাধীরা আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খোঁজা হচ্ছে অপরাধের অর্থের উৎস : সাম্প্রতিক নাশকতা ও অপরাধমূলক কর্মকা-ের জন্য বিপুল পরিমাণ অর্থের জোগান কোত্থেকে আসছে, তা নিয়ে গভীর অনুসন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পলাতক শীর্ষ সন্ত্রাসীরা বর্তমানে সরাসরি ব্যাংকিং চ্যানেল এড়িয়ে হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশে অর্থ পাঠাচ্ছে। এ ছাড়া দেশের ভেতরে থাকা বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট, পরিবহন খাত এবং নির্মাণশিল্পের একটি অংশ থেকে আদায় করা চাঁদার অর্থ সরাসরি এই নাশকতায় ব্যয় করা হচ্ছে।
ভাড়াটে অপরাধীদের পারিশ্রমিক : অনুসন্ধানে দেখা গেছে, প্রতিটি ককটেল বিস্ফোরণ বা ঝটিকা মিছিলে অংশ নেওয়ার জন্য ভাসমান অপরাধী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নগদ ৫ হাজার থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে খোলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ লেনদেন হচ্ছে। প্রতিটি লেনদেনের পরপরই সংশ্লিষ্ট সিম কার্ড ও অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে মূল অর্থদাতাদের শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।
পুলিশের কতিপয় কর্মকর্তাদের সন্দেহ : অপরাধী চক্রের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের একটি অংশের নিষ্ক্রিয়তা ও যোগসাজশের অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে, মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তার রহস্যজনক ভূমিকা নিয়ে ইতিমধ্যে গোপনে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মকর্তা পেশাদার অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়েছেন। অপরাধীদের অবাধ বিচরণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের ওই অংশের নিষ্ক্রিয়তা ও যোগসাজশের অভিযোগও রয়েছে। পুলিশ সদর দপ্তরের উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু কর্মকর্তা পেশাদার অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের সঙ্গে গোপন সমঝোতায় জড়িয়ে পড়েছেন। ‘অভিযানের আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি বড় অপারেশন ব্যর্থ হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা নির্দিষ্ট এলাকায় অবস্থান করার পরও পুলিশ পৌঁছানোর আগেই তারা সটকে পড়ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ভেতরের কারও সহায়তা ছাড়া এটি সম্ভব নয়’।
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা’। প্রতিবেদনে বলা হয়, একের পর এক কঠোর নির্দেশনা, বিভিন্ন পয়েন্টে তল্লাশি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হলেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অপতৎপরতা। এমনকি সড়কে চেকপোস্ট ও টহল বাড়ানো দৃশ্যমান হলেও বাস্তবে ঠেকানো যাচ্ছে না তাঁদের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড। রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘটছে বিচ্ছিন্ন হামলা। অনেক ক্ষেত্রে নাশকতার খবর আগে ছড়িয়ে পড়লেও প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে না নির্দেশদাতাদের। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে রিসোর্ট ভাড়া করে গোপন বৈঠকও করেছেন কার্যক্রম নিষিদ্ধ দলের সিলেট-১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার। এ ছাড়া বিভিন্ন স্থানে নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা গোপন বৈঠক করছেন, ফেসবুকসহ সমাজমাধ্যমে নানান উসকানিমূলক বার্তা ছড়াচ্ছেন। এ অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে-নাশকতা মোকাবিলায় পুলিশের সক্ষমতা ও গোয়েন্দা তথ্যে ঘাটতি, নাকি বাহিনীর কেউ কেউ নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন?
বিশ্লেষকরা বলছেন, গোয়েন্দা ব্যর্থতা, সক্ষমতা ও আস্থার ঘাটতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে কোনো দলের নাশকতা ঠেকানো পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের কঠোরতার সঙ্গে দৃশ্যমান রাজনৈতিক ঐক্য থাকা জরুরি। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যে ঘাটতি নেই। নতুন পরিকল্পনায় নিরাপত্তাব্যবস্থা সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে; যাতে এ-জাতীয় নাশকতার পুনরাবৃত্তি রোধ করা যায়।
এদিকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে টানা নাশকতা চালিয়ে যাওয়ার কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এজন্য তাদের দলের নেতা-কর্মীদের গুপ্ত হামলা ক্রমেই বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন আতঙ্ক হয়ে উঠেছে হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ। কোনো কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটিয়ে বা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কঠোর নজরদারির মধ্যেই বিভিন্ন থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে পেট্রোলবোমা নিক্ষেপ ও নিষিদ্ধ ছাত্রলীগের আগাম হুমকির অভিযোগ পাওয়া গেছে। শিল্পাঞ্চলে এখনো চলমান রয়েছে অস্থিরতা। সেখানেও শ্রমিকদের সঙ্গে মিশে অপতৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নাশকতায় জড়িত বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দলটির শীর্ষ নেতারা ভিডিওতে পরিস্থিতি ঘোলাটে করার বার্তা দিয়ে যাচ্ছেন; যা নাশকতা পরিস্থিতি আরও খারাপের দিকে নিতে পারে বলে সতর্ক করেছেন অপরাধ বিশ্লেষকরা।
এদিকে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকারের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে রাতারগুলের ‘স্কয়ার রিসোর্ট’-এ গোপন বৈঠকের ঘটনায় দেশের নিরাপত্তা ও নজরদারিব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, রঞ্জিত সরকার ঠিক কোন রুট ব্যবহার করে দেশে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কারা তাঁকে আশ্রয় দিয়েছিলেন এবং গোপন বৈঠকে কারা ছিলেন তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রিসোর্টে গোপন বৈঠকে অংশ নেওয়া নেতা-কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ রকম অন্য কেউ যাতে অবৈধভাবে দেশে এসে বৈঠক করতে না পারেন সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট প্রতিষ্ঠান ঘিরে হামলা, ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বাসে এবং পুলিশ ও বিজিবির গাড়িতে আগুন দেওয়া, পদ্মা সেতু ও গোপালগঞ্জে সড়ক অবরোধের মতো ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশের তথ্য বলছে, ৭-১০ নভেম্বর চার দিনেই দেশের বিভিন্ন জায়গায় ৬০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। পোড়ানো হয়েছে ২২টি যানবাহন। সূত্র জানিয়েছে, পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আইজিপি আলী হোসেন ফকির সব জেলার পুলিশ সুপারদের কড়া নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। এদিকে শুধু মাঠপর্যায়ের নাশকতাকারী নয়, নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, বিস্ফোরক সরবরাহকারীদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় না আনলে হামলা থামবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গোয়েন্দা তৎপরতায় ঘাটতি থাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না। আবার কোনো নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হলে সেটিও যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। তবে পুলিশ কঠোর হাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘নাশকতা ঠেকাতে শুধু পুলিশকে সামনে ঠেলে দিয়ে দোষারোপ করলে হবে না। গণ অভ্যুত্থানের পর এখনো পুলিশের ক্ষমতা ও আস্থার জায়গায় অনেক ঘাটতি রয়েছে। এজন্য পুরো বাহিনীকে শুধু নাশকতা ঠেকাতে নামিয়ে দেওয়া হলেও সেভাবে সফলতা আসবে না। এজন্য প্রয়োজন দৃশ্যমান রাজনৈতিক ঐক্য। যখন কার্যক্রম নিষিদ্ধ কেউ রাজনৈতিক ঐক্যে ঘাটতি দেখবে, তখন জোরালোভাবে নিজের দলের কার্যক্রম জানান দিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে থাকবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, ‘রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করা পুলিশের একমাত্র কাজ নয়। তার বিভিন্ন রুটিন কর্মকাণ্ড আছে। এর মধ্যেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ করে থাকে। এখানে পুলিশের ব্যর্থতার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। স্বাভাবিক রাজনৈতিক চর্চার বিপরীতে ধ্বংসাত্মক কার্যক্রমকেই আন্দোলনের একমাত্র পন্থা ভাবা হয়। নাশকতাকারী দলের নেতারা কর্মীদের দিয়ে ধ্বংসাত্মক কাজ শুরু করেন। এটি পরিবর্তন হওয়া জরুরি।’ তিনি আরও বলেন, ‘সোর্সনির্ভরতা বেশি হওয়ায় পুলিশের কাছে সব সময় প্রয়োজনীয় তথ্য আসে না। আবার এক স্পটে নজরদারি বাড়ালে আরেক স্পটে ঘটনা ঘটে। এজন্য রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব নাশকতা ঠেকানো কঠিন।’
সহযোগীদের খবর
খুলনায় বারবার গুলি, আতঙ্কে মানুষ
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৯ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
