বৃটেনে একটি সামরিক ঘাঁটির ওপর সন্দেহজনক ড্রোন তৎপরতার সম্ভাব্য ঘটনার পর শুক্রবার ব্যবস্থা নিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে এমন একটি স্থাপনায় সর্বশেষ নিরাপত্তা সংক্রান্ত ঘটনা এটি। মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে ‘কোনো সেনাসদস্য, বিমান কিংবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি’। এ খবর দিয়েছে অনলাইন নিউ আরব। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক কর্মী, ঠিকাদার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। চলতি সপ্তাহের শুরুতে আরএএফ লেকেনহিথের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ড, বিশেষ করে অনুমতি ছাড়া ড্রোন পরিচালনার ঘটনা সম্পর্কে রিপোর্ট করার আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, আমাদের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সম্পদ হলো সতর্ক জনগোষ্ঠী। লেকেনহিথে সম্ভাব্য ড্রোন তৎপরতার ঘটনাটি এমন সময় ঘটল, যখন চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় আরেকটি বৃটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে কথিত সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করে। তাদেরকে ইরানি এজেন্ট হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, ওই তিন ব্যক্তি সেপ্টেম্বরে ঘাঁটিতে সংঘটিত একটি ঘটনার পরিকল্পনা ও নির্দেশনায় সহায়তা করেছিলেন। স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তিকে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাটি সামনে আসে। যুক্তরাষ্ট্রের অভিযোগপত্রে বলা হয়েছে, মোহাম্মদ আলী আল হাসানি নামে এক ব্যক্তি কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে ভ্যান নিয়ে ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
ওই ভ্যানগুলোর কয়েকটিতে জ্বালানির ব্যারেল ছিল। এর আগে তিনি ওই দলকে এমন কিছু ধাতব বস্তু কেনার জন্য অর্থ দিয়েছিলেন, যেগুলো বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধাতব টুকরা বা শার্পনেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর কয়েক দিন পর ঘাঁটি থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। গত মাসে বৃটিশ পুলিশ আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধে দুই বৃটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে। তাদের একজনের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গোয়েন্দা সংস্থাটি ইরানের। অন্যজনের বিরুদ্ধে বৃটেনের জন্য ‘ক্ষতিকর’ উদ্দেশ্যে নিষিদ্ধ স্থানে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য থেকে দেখা যায়, আরেকটি বৃটিশ সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে অন্তত এক ডজন বিমান সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের পক্ষ থেকে হুমকি আসার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।
