জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন প্রেসিডেন্ট। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্টকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রেসিডেন্ট বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে, সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।
সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়। এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন-মানসিকতার পরিবর্তন দরকার।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব।
পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর জন্য দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির প্রমুখ।
