জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক

ফন্ট সাইজ:

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত সঞ্চিতা হক। ১৩ থেকে ২২শে নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১২ই নভেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে ভারপ্রাপ্ত প্রধানের বিষয়টি জানানো হয়েছে। নোটে বলা হয়, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।

আইরিন খান গত ২৮শে আগস্ট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দিয়েছে সরকার। তার আগে এ পদে ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি ২০২৫ সালের ১৩ই জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্বপালন করছেন।

বর্তমানে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দু’জন উপ-স্থায়ী প্রতিনিধি দায়িত্ব পালন করছেন। তাদের একজন এ কে এম ওয়াহিদুজ্জামান, অন্যজন সঞ্চিতা হক। তাদের মধ্যে ওয়াহিদুজ্জামান উপ-স্থায়ী প্রতিনিধি-১ এবং সঞ্চিতা হক উপ-স্থায়ী প্রতিনিধি-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। পদমর্যাদার দিক থেকে ওয়াহিদুজ্জামান প্রথম গ্রেডের রাষ্ট্রদূত এবং সঞ্চিতা হক তৃতীয় গ্রেডের রাষ্ট্রদূত।

এদিকে সঞ্চিতা হক মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালনকালে নিউ ইয়র্কের কর্মস্থলে অনুপস্থিত থাকতে ছুটি চেয়েছেন ওয়াহিদুজ্জামান। এ বিষয়ে তিনি ঢাকায় চিঠি পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিজের চেয়ে জুনিয়র কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ওয়াহিদুজ্জামান গত ১৫ই জুলাই নিউ ইয়র্কে মিশনে যোগ দেন। তাকে এক বছরের চুক্তিতে প্রথম গ্রেডের রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়। সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব ছাড়ার পর মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেন এই কূটনীতিক। উল্লেখ্য, সঞ্চিতা হক ২০০৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। পেশাদার এই কূটনীতিক এর আগে নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।