রাজধানী সহ সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। কাঁচাবাজারগুলোতে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করেছে। সাধারণত শীতের আগমনে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ে এবং দামও কমতে শুরু করে। তবে, বাজারে আসা শীতকালীন সবজি কিনতে হচ্ছে চড়া দামে। শুধু সবজি নয়; মাছ, মাংস, ডিম এমনকি চালের বাজারেও স্বস্তি ফিরছে না। সবমিলিয়ে নিত্যপণ্যের চড়া দামের কারণে বাজারে গিয়ে চরম বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের এই চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, এখনো শীতের মওসুম পুরোপুরি শুরু হয়নি। বাজারে শীতকালীন নতুন সবজির সরবরাহও পর্যাপ্ত নয়। আরও কিছুদিন পর এসব সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমতে পারে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। তবে রাজধানী ঢাকাসহ সব এলাকায় পুরোপুরি শীত নামতে আরও ১৫-২০ দিন সময় লাগতে পারে। ফলে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে জানান বিক্রেতারা।
এদিকে উৎপাদনস্থলে কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি ঢাকার পাইকারি বাজার ঘুরে খুচরা দোকানে পৌঁছাতে কয়েক দফা হাতবদল হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ট্রাকভাড়া, জ্বালানি, শ্রমিকের মজুরি, আড়ত ও বাজারের খরচ। ফলে ক্ষেতের দাম আর রাজধানীর খুচরা দামের মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৬০-৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা। পুরনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের মধ্যে পিয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা টিসিবি তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে। আর চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা হয়েছে।
মসলাজাতীয় পণ্যের দামও বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। খুচরা পর্যায়ে মানভেদে জিরার কেজি বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দর ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সবচেয় বেশি দাম বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪৩০০ থেকে ৫২০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা। মাস দেড়েকের ব্যবধানে লবঙ্গের কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজিতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এ ছাড়া এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১২০ থেকে ১৫০ এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।
কাওরান বাজারের সবজি বিক্রেতা মিন্টু বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। কয়েকদিন পর আরও বেশি আমদানি হবে। তখন দাম আরও কমে আসবে। এখনো পুরোদমে সব রকম সবজি আসেনি। তাই কিছু কিছু সবজির দামে চড়া ভাব আছে।
মগবাজার এলাকার বিক্রেতা জিয়াউল বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় পরিবহন খরচ বেশি। তাই আগাম কিছু সবজির আসলেও সেগুলোর দাম সমন্বয় করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে শীত আরও তীব্র হলে দাম অনেক কমে আসবে। সারা দেশেই তখন সবজির সরবরাহ সমান থাকবে।
এদিকে বাজারে আমিষজাতীয় খাবারেও স্বস্তি নেই। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। বিক্রেতারাই বলছেন, আগের সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায়। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কাওরান বাজারে সাপ্তাহিক বাজার করতে এসেছেন সরকারি চাকুরে মহিউদ্দিন। ব্যাগভর্তি বাজার নিয়ে রিকশা খুঁজছিলেন তিনি। কথা হলে মহিউদ্দিন বলেন, দামের কথা ভাবতে গেলে পণ্য কেনা হবে না। শীতকাল-গরমকাল কোনো পার্থক্য দেখি না। দাম একই মনে হচ্ছে।
মগবাজারের বাসিন্দা গৃহিণী তাসফিয়া বলেন, সরকার যারাই থাকুক, নিত্যপণ্যের দাম কমানোর পক্ষে যেন কেউ আসতে চান না। স্বস্তিতে সবজি কিনে খেয়ে-পরে থাকতে চায় নিম্নমধ্যবিত্ত মানুষ। সেসবের দামও অন্যান্য জিনিসের মতোই চড়া।
এদিকে সবজির দামের ব্যবধানের একটি চিত্র পাওয়া গেছে মাগুরার শালিখা উপজেলার আসবা ও বরইচারা গ্রামের উৎপাদনস্থলে। সেখানে আগাম শীতকালীন সবজির ভালো ফলন হলেও কৃষকরা উৎপাদন খরচের তুলনায় কম দাম পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। আসবা গ্রামের বর্গাচাষি বিধান বিশ্বাস ২৫ কাঠা জমিতে আগাম ফুলকপির আবাদ করেছেন। তার অভিযোগ, সার, বীজ ও কীটনাশকের দাম বেশি হলেও পাইকারেরা ক্ষেত থেকে ফুলকপি ৫ থেকে ১০ টাকা পিস বা কেজি দরে কিনছেন। এতে উৎপাদন খরচও উঠছে না বলে দাবি তার। একই স্থানে, ক্ষেত থেকে ১০ টাকা দরে কেনা সবজি স্থানীয় বাজারে ৩০ থেকে ৫০ টাকা এবং ঢাকায় পৌঁছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ উৎপাদনস্থল থেকে রাজধানীর বাজারে পৌঁছানোর পথে দামের বড় ব্যবধান তৈরি হচ্ছে।
