দক্ষতা সংকটে ভুগছেন শিক্ষিত বেকাররা

দক্ষতা সংকটে ভুগছেন শিক্ষিত বেকাররা

ফন্ট সাইজ:

প্রায় তিন বছর ধরে চাকরির চেষ্টা করছেন আদিব হাসান। তিনি কারমাইকেল কলেজ থেকে ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স-মাস্টার্স করেছেন। কিন্তু ইসলামের ইতিহাস বিষয়ে পড়ার কারণে ভালো কোনো চাকরিতে যেতে পারছেন না। তিনি বলেন, চাকরি সংশ্লিষ্ট কোনো দক্ষতাই আমাদের গড়ে ওঠে নাই। বেসিক কিছু চাকরি খুবই সামান্য বেতন। সেগুলোও নিতে চায় না। এখন না পারছি রিকশা চালাতে, না পাচ্ছি চাকরি। আদিবের মতো অনেকেই উচ্চশিক্ষার সনদ নিয়ে বসে আছেন। প্রবেশ করতে পারছেন না কর্মজীবনে। উল্টোদিকে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাচ্ছেন না নিয়োগদাতারা। ফলে একদিকে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় দক্ষ জনবলের সংকট তৈরি হচ্ছে। শিক্ষাব্যবস্থা ও কর্মবাজারের মধ্যে তৈরি হওয়া দূরত্ব, ব্যবহারিক জ্ঞানের ঘাটতি এবং মানসম্মত কর্মসংস্থানের সীমিত সুযোগ এ সংকটকে আরও জটিল করে তুলছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৪ এর প্রতিবেদন অনুযায়ী, দেশে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার। তাদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। শিক্ষার অন্যান্য স্তরের তুলনায় এই হার সর্বোচ্চ। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার। দেশে মোট শিক্ষিত বেকারের সংখ্যা (২০২৪ সাল) ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে প্রায় ৩৪ শতাংশই বিশ্ববিদ্যালয় স্নাতক।

শুধু বেকারত্ব নয়, কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের সংখ্যাও উদ্বেগজনক। বিবিএস’র শ্রমশক্তি জরিপের তথ্যে বলছে, ১৫ থেকে ২৯ বছর বয়সী প্রায় ৮৫ লাখ তরুণ কোনো কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশ নারী। প্রতিবছর নতুন করে প্রায় ১৪ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছেন। ফলে নতুন কর্মপ্রার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ। স্ন্নাতকদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হন। এই শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশেরই থাকে না কারিগরি বা কর্মনির্ভর জ্ঞান।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুংয়ের যৌথ গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেয়া বেসরকারি প্রতিষ্ঠানের ৪৬ শতাংশ নিয়োগদাতা প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় শূন্য পদ পূরণে সমস্যায় পড়েছেন। ১০০টি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত ওই গবেষণায় ৪১টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০০ শিক্ষার্থী ও সামপ্রতিক স্নাতকের দক্ষতা যাচাই করা হয়। তাদের মধ্যে যোগাযোগ, ইংরেজি ভাষা, সংখ্যাগত দক্ষতা ও গণিতে তুলনামূলক দুর্বলতা পাওয়া যায়। নিয়োগদাতাদের ৮৩ শতাংশ কর্মী নিয়োগে ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা, ৬৫ শতাংশ পেশাগত বা কারিগরি দক্ষতা এবং ৫১ শতাংশ কাজের অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বেসরকারি একটি টেলিকমের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা চাকরির জন্য এখন আর রেজাল্টকে বেশি প্রাধান্য দিচ্ছি না। আমরা দক্ষতা কতটা আছে সেটা যাচাই করার চেষ্টা করি। এখন দক্ষ ব্যক্তি মিলছে না।

আরেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে সম্প্রতি একটি সার্কুলার ছিল ৮টি পদে। এরজন্য প্রায় হাজের খানেক সিভি জমা পড়ে। বাছাই করার পর আমরা ৩২ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকি। এই ৩২ জনেরই রেজাল্ট বেশ ভালো। কিন্তু তারা এই সার্টিফিকেট ছাড়া কোনো যোগ্যতাই অর্জন করেননি। আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও ৬ জনের বেশি লোক নিতে পারিনি।
তিনি আরও বলেন, এই ৬ জনের মধ্যে একজনের সুপারিশ ছিল উচ্চ মহলের। যাকে আমাদের নিতেই হতো। কিন্তু এই প্রার্থীর এমনই অবস্থা তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না। কাজ করতে হয় কীভাবে তাও জানেন না। কিন্তু রেজাল্ট ভালো। আবার বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক প্র্যাকটিক্যাল বিষয়ের ক্লাবগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন না তিনি। তারা দু’জনই ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা অর্জন এবং শিক্ষার্থীদের নিজে থেকে কর্মমূখী কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

অন্যদিকে দীর্ঘদিন বেকার থাকায় অনেক তরুণ আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কেউ কেউ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যহীন পেশায় যুক্ত হচ্ছেন। এতে একদিকে ব্যক্তির অর্জিত শিক্ষার যথাযথ ব্যবহার হচ্ছে না, অন্যদিকে দেশের মানবসম্পদের সম্ভাবনাও কাজে লাগছে না।
যুক্তরাষ্ট্রের ভুরহিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আশফাকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উচিত তার ভবিষ্যৎ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই পরিকল্পনা করা। বিসিএস বা সরকারি চাকরির দিকে গেলে সেভাবে প্রস্তুত হওয়া। এরবাইরে টেকনিক্যাল বিষয়ে স্নাতক করলে সেই বিষয়ের একটা দিকে দক্ষ হওয়া। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো কী স্কিল চাইছে সেটার সঙ্গে নিজেকে যোগ্য করে তোলা। আর যারা জেনারেল বিষয়ে পড়ছেন তাদের জন্য চাকরির বাজারের সঙ্গে নিজেকে প্রস্তুত করাটা খুবই জরুরি। এখন ইন্টারনেট-আধুনিক প্রযুক্তি হাতের মুঠোয়। তাই এক সেক্টরকে টার্গেট করে নিজেকে প্রস্তুত করতে হবে।