মুঠোফোনে একের পর এক কল। অপর প্রান্ত থেকে চাঁদা দাবি, সঙ্গে প্রাণনাশের হুমকি। টাকা না দিলে গুলি করে হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়। এমন অভিযোগ করেছেন চট্টগ্রামের রাউজানের এক মাদ্রাসা অধ্যক্ষ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরী। এ ঘটনায় বৃহস্পতিবার রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে একটি ফোন নাম্বার থেকে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। পরে ওই নম্বরে কলব্যাক করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পরিচয় না দিয়ে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন।
নিজের অনুসারীদের পরিচালনার জন্য টাকা প্রয়োজন বলে জানান তিনি। তবে চাঁদার নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না করে বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন। মাওলানা ইলিয়াছ নুরী জানান, মাদ্রাসার অফিসে নামাজরত অবস্থায় প্রথম কলটি আসে। নামাজ শেষে ফোন ধরলে অপর প্রান্ত থেকে টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তিনি নিজের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়। ভুক্তভোগীর ভাষ্য, প্রথমে টাকা দেয়ার জন্য আধা ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়। পরে আবার ফোন করে পাঁচ মিনিটের মধ্যে টাকা পাঠানোর নির্দেশ দেয়া হয়। অন্যথায় কোরআন ও পবিত্র কাবা শরিফের শপথ করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পাশাপাশি রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে কয়েকজনকে হত্যার কথাও ফোনে বলা হয়। ইলিয়াছ নুরী বলেন, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমার টাকা নেই। আমি মাদ্রাসায় চাকরি করি, চাঁদা দেয়ার সামর্থ্যও নেই। পরে একই নম্বর থেকে আরও কয়েকবার ফোন এলেও আমি আর রিসিভ করিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
মাওলানা ইলিয়াছ নুরী (৫৮) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ আসনে বৃহত্তর সুন্নি ঐক্য জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর থেকে কাজ করছি। কিছু তথ্য সংগ্রহ করেছি। পূর্ণাঙ্গ তথ্য নিয়ে শনাক্ত করে অভিযান পরিচালনার পর বিস্তারিত জানতে পারবো।
