রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ভারত। গত অক্টোবরে দেশটির রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি আগের মাসের তুলনায় ১০ শতাংশ বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ভারতের তিনটি বৃহত্তম তেল শোধনাগার এ সময় রাশিয়া থেকে কেনাকাটা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) প্রকাশিত তথ্যে এসব বিষয় উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির ৩৭ শতাংশ কিনেছে ভারত। এ জন্য দেশটি ব্যয় করেছে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার। এর ফলে রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়েছে ভারত।
রাশিয়া থেকে ভারতের মোট জীবাশ্ম জ্বালানি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার। ২০২২ সালের জানুয়ারি থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে এটিই এক মাসে ভারতের সর্বোচ্চ আমদানি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সিআরইএ।
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্সের বিশাল জামনগর শোধনাগার থেকে গত মাসে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধন করে উৎপাদিত জ্বালানির ১০টি চালান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন বন্দরে পাঠানো হয়েছে। এ ছাড়া তুরস্কের স্টার শোধনাগার থেকেও ইউরোপের দেশগুলো এমন দুটি চালান কিনেছে। সেপ্টেম্বরে এই শোধনাগার থেকে সাতটি চালান কেনা হয়েছিল।
হেলসিংকিভিত্তিক সিআরইএ নিজেদের একটি স্বাধীন গবেষণা সংস্থা হিসেবে পরিচয় দিলেও তারা প্রকাশ্যে ইউক্রেনকে সমর্থন করে। সংস্থাটি জানিয়েছে, ইউরোপের রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দূর করা এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করাই তাদের অন্যতম লক্ষ্য।
এদিকে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল ইউরোপীয় ইউনিয়ন। চীন ও ভারতের পর তাদের অবস্থান। রাশিয়ার শীর্ষ পাঁচ ক্রেতার কাছ থেকে পাওয়া মোট রপ্তানি আয়ের ১১ শতাংশ এসেছে ইইউর কাছ থেকে।
ভারত জানিয়েছে, দেশটির ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। এ কারণে পশ্চিমা দেশগুলোর আরোপিত মূল্যসীমা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক থাকা সত্ত্বেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি।
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনের আওতায় দেশটির তেল ক্রেতাদের ওপর উচ্চ শুল্ক আরোপের বিধান ছিল। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সেই উচ্চ শুল্ক থেকে অব্যাহতি দেন।
এর আগে ভারত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিল, এ ধরনের শুল্ক দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং এনার্জি ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে ডিজেল ও গ্যাস অয়েলের সরবরাহ দৈনিক ১৭ লাখ ব্যারেল কমেছে। সেপ্টেম্বরে পাইকারি বাজারে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তা প্রায় ২২০ ডলারে পৌঁছেছিল।
এমন পরিস্থিতিতে ডিজেলের সরবরাহ বাড়িয়ে বিশ্ববাজারে উচ্চমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জামনগর সফর করেন। এ সময় তিনি রিলায়েন্সকে বিশ্ববাজারে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য উৎসাহিত করেন।
জামনগরসহ ভারতের বেশ কয়েকটি শোধনাগারে রাশিয়া ও ভেনিজুয়েলার অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। এসব তেল থেকে বিপুল পরিমাণ ডিজেল উৎপাদন করা যায়। অক্টোবরে জামনগর শোধনাগার রাশিয়া থেকে আগের মাসের তুলনায় ২২ শতাংশ বেশি তেল কিনেছে। ওই সময়ে সমুদ্রপথে রপ্তানি হওয়া রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক ছিল এই শোধনাগার।
