খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, এক পর্যায়ে ঘটে মারামারি ও ভাঙচুরের ঘটনা। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এই ঘটনার সূত্রপাত ঘটে দুই যুবকের খাবার খাওয়ার সিরিয়াল দেয়া নিয়ে। অভিযোগ আছে তারা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। তবে, পুলিশ বলছে তারা ওই কলেজের কী না সেটি বলা যাচ্ছে না।
এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা গেছে, একদল বিক্ষুব্ধ যুবক হঠাৎ করে ওই রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়েছেন। এ সময় তাঁরা চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাব তুলে ব্যাপক ভাঙচুর চালান। এসময় তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনানসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানা পদের দেশীয় খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন। এমন পরিস্থিতিতে এই সংঘর্ষ-ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার সন্ধ্যায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন মানবজমিনকে বলেন, দূরবীন বাংলা রেস্তোরাঁটিতে খাবার খেতে সিরিয়াল নেয়া লাগে। সেখানে সিরিয়াল দেয়া নিয়ে স্থানীয় একদল যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে তারা দলবদ্ধভাবে হামলা চালায়। তারা তিতুমীর কলেজের শিক্ষার্থী কী না, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। সেখানে কড়াইল বস্তি আছে, স্থানীয় লোকজন আছে। হয়তোবার দু’একজন তিতুমীর কলেজের শিক্ষার্থীও থাকতে পারে। ওসি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ বা মামলা হয়নি। তবে রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানিয়েছেন। বাদিপক্ষ এজহার দিলে পুলিশ বলতে পারবে হামলাকারীরা কোথাকার।
দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ বলেন, প্রথমে একটা ছেলে এসেছিলেন। একটা চেয়ার খালি হওয়ার পর তিনি সেখানে বসে পড়েন। সেই জায়গাটার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। ছেলেটি সেখানে বসে পড়ার পর ওই পরিবারের লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্তোরাঁর একজন কর্মী সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করতে চান। ওই ছেলে ছাত্র হতে পারে, সেটা বুঝে রেস্তোরাঁর কর্মী তাকে আরেকটি জায়গা করে দেয়ার কথা বলছিলেন। কিন্তু এতে তিনি খেপে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।
দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান ঘটনাস্থলে যান। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফুটেজ আছে, হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
