মুঠোফোনে একের পর এক কল। অপর প্রান্ত থেকে চাঁদা দাবি। টাকা না দিলে গুলি করে হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়। এমন অভিযোগ করেছেন চট্টগ্রামের রাউজানের এক মাদ্রাসা অধ্যক্ষ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরী। এ ঘটনায় বৃহস্পতিবার রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ভুক্তভোগী মাওলানা ইলিয়াছ নুরী (৫৮) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। আসনটিতে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি’র প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
লিখিত অভিযোগে ইলিয়াছ নুরী উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল আসে। অপর প্রান্তের ব্যক্তি এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন। নিজের অনুসারীদের পরিচালনার জন্য টাকা প্রয়োজন বলে জানায়। তবে চাঁদার নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেনি। শুধুমাত্র বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেয়। মাওলানা ইলিয়াছ নুরী জানান, মাদ্রাসার অফিসে নামাজরত অবস্থায় প্রথম কলটি আসে। নামাজ শেষে ফোন ধরলে অপর প্রান্ত থেকে টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। তিনি নিজের আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়। ভুক্তভোগীর ভাষ্য, প্রথমে টাকা দেয়ার জন্য আধা ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়। পরে আবার ফোন করে পাঁচ মিনিটের মধ্যে টাকা পাঠানোর নির্দেশ দেয়া হয়। অন্যথায় কোরআন ও পবিত্র কাবা শরিফের শপথ করে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পাশাপাশি রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে কয়েকজনকে হত্যার কথাও ফোনে বলা হয়।
ইলিয়াছ নুরী বলেন, ‘আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমার টাকা নেই। আমি মাদ্রাসায় চাকরি করি, চাঁদা দেয়ার সামর্থ্যও নেই। এরপরও সে বারবার হুমকি দিতে থাকে। পরে একই নম্বর থেকে আরও কয়েকবার ফোন এলেও আমি আর রিসিভ করিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন , আমরা অভিযোগ পাওয়ার পর থেকে কাজ করছি। কিছু তথ্য সংগ্রহ করেছি। পূর্ণাঙ্গ তথ্য নিয়ে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হবে। এরপর বিস্তারিত জাননো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার মানুষের কাছে শীর্ষ সন্ত্রাসীর পরিচয় ব্যবহার করে ফোনে চাঁদা দাবির অভিযোগ সামনে আসে। চিকিৎসক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিককর্মী, সামাজিক সংগঠনের নেতা ও প্রবাসীরাও এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।
