খাঁচা থেকে বাঘিনী বের করে টিকটক ভিডিও, থাবায় প্রাণ গেল যুবকের

খাঁচা থেকে বাঘিনী বের করে টিকটক ভিডিও, থাবায় প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

পাকিস্তানে টিকটকের ভিডিও বানাতে গিয়ে বাঘিনীর আক্রমণে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় এক সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ম্যানচেস্টার ইভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের লাহোরের কাহনা শহরের একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটেছে। টিকটকের ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘিনীটিকে বের করা হয়। একপর্যায়ে বাঘিনীটি খামারের কর্মী তালহার ওপর ঝাঁপিয়ে পড়ে।
বাঘিনীর আক্রমণে গুরুতর আহত তালহাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। শেষমেশ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও কনটেন্ট নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারটির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, ঘটনার পর প্রথমে নোমান হাসান দাবি করেন, তালহাকে একটি কুকুর আক্রমণ করেছে। কিন্তু তদন্তে পরে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘টিকটকের প্রতি আগ্রহ কখনোই একজন মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কাউকে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ দেয়া যায় না। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, টিকটকের ভিডিও বানাতে খামারে আসা ওই ব্যক্তির উপস্থিতিতে বাঘিনীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খামারটিতে বাঘিনী রাখার অনুমতি ছিল কিনা এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
নোমান হাসান বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণী নিয়ে ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরির জন্য পরিচিত। তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেয়ার চেষ্টা করছেন তিনি।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নখ দিয়ে আঁচড় দেয়।
এবার টিকটকের ভিডিও তৈরির আয়োজনই কেড়ে নিলো এক তরুণের প্রাণ।