১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফন্ট সাইজ:

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের তালিকায় তিনি ১৩তম অবস্থানে রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত এ তালিকায় তাঁর অবস্থান মালয়েশিয়ার জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড অব বাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে আনোয়ার ইব্রাহিমকে ১৩তম স্থানে রাখা হয়েছে। প্রতিবেদনে মালয়েশিয়ার অর্থনৈতিক ও ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিনির্ভর শিল্পের সম্প্রসারণ, জ্বালানি রূপান্তর এবং ‘মালয়েশিয়া মাদানি’ উন্নয়ন কাঠামোর আওতায় তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কূটনৈতিক তৎপরতা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে ভূমিকা এবং ফিলিস্তিনের পক্ষে তাঁর ধারাবাহিক অবস্থানের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আনোয়ার ইব্রাহিম ১৯৭১ সালে মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্টের (এবিআইএম) প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা, বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য ও কূটনৈতিক অবস্থানও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

২০২৭ সালের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম স্থানে রয়েছেন। অন্যদিকে, ফিলিস্তিনের চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ২০২৭ সালের ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।