আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭

ফন্ট সাইজ:

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাকের সঙ্গে মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির কাজিরাঙার রঙাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বোখাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল মিনিবাসটি। পথে কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় উদ্ধার অভিযান।

ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের পাশাপাশি মরদেহ বের করে আনা হয়।
গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে বলেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল এবং বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছিল। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তখনই আশঙ্কা করা হয়েছিল।
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ সুপার আরও বলেন, মিনিবাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় আরোপিত গতিসীমা লঙ্ঘন করে। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক বিবৃতিতে তিনি বলেন, কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এত মানুষের মৃত্যুতে সবাই শোকাহত।

স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকি করছেন।