পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে দেশটির সেনাবাহিনীর একটি ক্যাম্পে আত্মঘাতী হামলায় অন্তত ১৮ সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বৃহস্পতিবার প্রদেশটির মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।
এক ভিডিও বার্তায় বিএলএ জানায়, তাদের সশস্ত্র শাখা ‘মাজিদ ব্রিগেড’ কান্দাওয়া এলাকায় সামরিক ক্যাম্পে এ হামলা চালিয়েছে। একটি বিস্ফোরকভর্তি যান ব্যবহার করে আত্মঘাতী হামলাটি চালানো হয়। এতে সেনা ক্যাম্প ও আশপাশের কয়েকটি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বিস্ফোরণে আরও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়। বিএলএর দাবি, বিস্ফোরণের পর তাদের ‘ফতেহ স্কোয়াড’-এর সদস্যরা ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া নিরাপত্তা সদস্যদের ওপর হামলা চালানো হয়। একই সমন্বিত অভিযানের অংশ হিসেবে কাছের একটি নিরাপত্তা চৌকিতেও হামলা চালানো হয়েছে।
আত্মঘাতী হামলাকারীর পরিচয়ও প্রকাশ করেছে বিএলএ। সংগঠনটি জানিয়েছে, হামলাকারীর নাম উসামা শাহওয়ানি। তার সাংগঠনিক নাম ছিল ওয়াদুদ। তিনি মাস্তুংয়ের খাদখোচা এলাকার বাসিন্দা।
২০২২ সালে সংগঠনটিতে যোগ দেন তিনি। ২০২৪ সালে তাকে মাজিদ ব্রিগেডের সদস্য করা হয়।
বিএলএর দাবি, শাহওয়ানি কালাত, নাগাহো ও শোর পারোদ এলাকায় তাদের কয়েকটি অভিযানে অংশ নিয়েছিলেন। এ ছাড়া নুশকিতে সংগঠনটির কথিত ‘অপারেশন হেরোফ-২’-এ টানা তিন দিন লড়াই করেছিলেন তিনি।
বিবৃতিতে বেলুচিস্তানে খনিজ সম্পদ অনুসন্ধান ও বিনিয়োগ প্রকল্পের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি। এসব প্রকল্পে যুক্ত বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীদের হুমকি দিয়েছে তারা।
বিশেষ করে ‘পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬’-কে লক্ষ্য করে বক্তব্য দিয়েছে বিএলএ। তাদের অভিযোগ, বেলুচিস্তানের খনিজ প্রকল্পগুলোর উদ্দেশ্য প্রদেশটির প্রাকৃতিক সম্পদ শোষণ করা। এসব প্রকল্পে অংশ নেয়া কোম্পানি ও বিনিয়োগকারীরা হামলার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বিএলএ জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান থেকে প্রত্যাহার না করা এবং অঞ্চলটির স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
