ভারতের মধ্য প্রদেশে রসগোল্লা মনে করে দেশীয় হাতবোমায় কামড় দেয়ার পর বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজেন্দ্র রারৌতিয়ার বয়স ৩৫ বছর। মঙ্গলবার রাতে রাজ্যের দিন্দোরি জেলার ছানতা গ্রামে দিওয়ালি উৎসব চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বন্য শূকর শিকারের জন্য স্থানীয়ভাবে তৈরি করা এক ধরনের বিস্ফোরক দেখতে সাদা রসগোল্লার মতো। আগুন পোহানোর সময় বন্ধুর দেয়া ওই বিস্ফোরকটিকে মিষ্টি ভেবে মুখে নিয়েছিলেন রাজেন্দ্র। তাতে কামড় দিতেই ঘটে বিস্ফোরণ।
দিন্দোরি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে রাজেন্দ্র কয়েকজনের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার বন্ধু রাম ভগত কথাবার্তা ও হাসি-তামাশার একপর্যায়ে রসগোল্লার মতো দেখতে বিস্ফোরকটি রাজেন্দ্রর মুখে ঢুকিয়ে দেন। রাজেন্দ্র তাতে কামড় দেয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে দ্রুত তাকে দিন্দোরি জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিন্দোরি অঞ্চলের কিছু গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায় বন্য শূকর শিকারের জন্য এ ধরনের দেশীয় বিস্ফোরক ব্যবহার করে থাকে। সাধারণত আতশবাজি কিংবা পাথরের খাদান থেকে সংগ্রহ করা বারুদ ময়দার গোলার ভেতরে ভরে এসব বিস্ফোরক তৈরি করা হয়। দেখতে অনেকটা সাদা মিষ্টির মতো হওয়ায় সহজেই ভুল হওয়ার আশঙ্কা থাকে।
পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, রাজেন্দ্রর মুখে বিস্ফোরকটি দেয়ার পেছনে নিছক মজা করার উদ্দেশ্য ছিল, নাকি তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় রাজেন্দ্রর বন্ধু রাম ভগত বরোতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
