ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত শতাধিক যাত্রী। দুর্ঘটনায় নিহত হয়েছেন রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০)। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে বেলা ৩টার দিকে তিনি মারা যান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দু’টি গাড়িও রয়েছে। এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকা মুকসুদপুরে যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
জানা যায়, প্রথমে একটি ট্রাকের পেছনে ডলফিন পরিবহনের যাত্রীবাহী ধাক্কা দেয়। পরে একে একে ওই লাইনের বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে চারটি যাত্রীবাহী বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি ট্রাক এবং দু’টি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহনে সংঘর্ষ হয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
