কে হবেন সিনেটে ডেমোক্রেট নেতা? শুমারের বিরুদ্ধে লড়বেন ভ্যান হোলেন

কে হবেন সিনেটে ডেমোক্রেট নেতা? শুমারের বিরুদ্ধে লড়বেন ভ্যান হোলেন

ফন্ট সাইজ:

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে নামছেন ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তিনি বর্তমান ডেমোক্রেট নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

ভ্যান হোলেন জানান, মার্কিন জনগণ পরিবর্তন চায় এবং এই কারণেই তিনি নির্বাচনে লড়ছেন। বর্তমান পরিস্থিতি সামাল দিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বলে তিনি মনে করেন। আগামী ডিসেম্বরের শুরুতে রুদ্ধদ্বার ও গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম সিনেটের ডেমোক্রেট নেতার পদে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান নেতা চাক শুমার জানান, নির্বাচনে জয়ের জন্য তার যথেষ্ট সমর্থন রয়েছে। শুমার দলের অনেক প্রার্থীর জয়ে সাহায্য করেছেন এবং তাদের জন্য তহবিলও সংগ্রহ করেছেন।

সিনেটর শুমার আগামী বছরের জন্য দলের পরিকল্পনা তৈরি করছেন। প্রথম ১০০ দিনের পরিকল্পনার মধ্যে স্বাস্থ্যসেবা, শুল্ক আইন এবং ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ রয়েছে। শুমার জানান, সিনেটে ৫৫টি আসন পাওয়া একটি দারুণ ফলাফল এবং তার নেতৃত্ব বজায় রাখার জন্য যথেষ্ট ভোট রয়েছে। অন্যদিকে ৬৭ বছর বয়সী ভ্যান হোলেন নিজেকে দলের নতুন মুখ হিসেবে তুলে ধরেছেন। তিনি শুমারকে ইসরাইল এবং অন্যান্য স্বার্থান্বেষী মহলের সাথে সম্পর্কের কারণে সমালোচনা করেন। ভ্যান হোলেনকে সমর্থন জানিয়েছেন নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাঈদ এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে শুমারের প্রতি সমর্থন জানিয়েছেন সিনেটর শেরড ব্রাউন, অ্যাঙ্গাস কিং এবং ক্যাথরিন কর্টেজ মাস্তো।