মানবসভ্যতার ইতিহাসে যুগে যুগে যত রাষ্ট্রদর্শন, সমাজতত্ত্ব ও আইনি কাঠামোর উদ্ভব হয়েছে, তার প্রতিটিই শেষ পর্যন্ত একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে—কীভাবে একটি সমাজে স্থায়ী ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা যায়? আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের তাত্ত্বিকেরা যখন কাঠামোগত সংস্কার, কঠোর আইন প্রণয়ন কিংবা প্রশাসনিক নজরদারির মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজছেন, তখন এক গভীর সত্য প্রায়শই আড়ালে থেকে যায়। আর তা হলো, মানুষের অন্তরের নৈতিক জাগরণ ও জবাবদিহিতার চেতনা ব্যতীত কেবল বাহ্যিক আইন দিয়ে কখনোই একটি নিখুঁত, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। ঠিক এই জায়গাতেই পবিত্র কুরআনুল কারিমের শাশ্বত শিক্ষা এক অপ্রতিদ্বন্দ্বী আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়।
সম্প্রতি রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এই চিরন্তন সত্যটিই নতুন করে প্রতিধ্বনিত হয়েছে। তিনি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ভাষায় পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে উচ্চারিত এই আহ্বান নিছক কোনো আনুষ্ঠানিক ধর্মীয় বক্তৃতা নয়; বরং এটি আমাদের জাতীয় জীবনের সামগ্রিক নৈতিক ও সামাজিক পুনর্গঠনের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা।
প্রসঙ্গত, এখানে আমার ব্যক্তিগত জীবনের একটি গভীর অনুভূতি ও উপলব্ধির কথা উল্লেখ করতে চাই। পবিত্র কোরআনুল কারিমের ৩০তম পারার একজন হাফেজ হিসেবে আমি সম্পূর্ণ কোরআনুল মাজিদের বঙ্গানুবাদ একাধিকবার পড়ার সুযোগ পেয়েছি। জীবনে অসংখ্য বই পড়েছি, বিচিত্র সাহিত্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত হয়েছি। কিন্তু পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি পাঠে যে অনির্বচনীয় ভালো লাগা, আত্মিক প্রশান্তি, গভীর আকর্ষণ ও উপলব্ধির জন্ম হয়, তার তুলনা অন্য কোনো গ্রন্থে খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কোরআনের মধ্যে এমন এক অসাধারণ আকর্ষণ ও আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা একজন পাঠককে বারবার এর সান্নিধ্যে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। প্রথমবার যখন কোরআনের অর্থ অনুধাবন করে পড়তে শুরু করি, তখনই মনে হয়েছিল, এটি যেন এক অদৃশ্য চুম্বকের মতো আমাকে নিজের দিকে টেনে নিচ্ছে। প্রতিটি আয়াত, প্রতিটি বাণী এবং প্রতিটি ঘটনা আমার চিন্তা ও অনুভূতির জগতে নতুন নতুন উপলব্ধির দুয়ার খুলে দিচ্ছিল। মনে হয়েছিল, মানুষের জীবন, জগৎ, সৃষ্টি, ইতিহাস, নৈতিকতা, সম্পর্ক, ন্যায়বিচার, মানবিকতা এবং পরকাল—জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা এই মহাগ্রন্থের মধ্যে নিহিত রয়েছে।
আমার ব্যক্তিগত অনুভূতিতে, কোরআন এমন এক অনন্য সাহিত্যিক ও আধ্যাত্মিক মহিমার অধিকারী, যার সৌন্দর্য কোনো প্রচলিত সাহিত্যিক শ্রেণিবিভাগের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। এর মধ্যে কবিতার মতো ছন্দময়তা, গল্পের মতো আকর্ষণ, ইতিহাসের মতো শিক্ষা, বিজ্ঞান ও দর্শনের মতো গভীরতা এবং জীবনের প্রতিটি বাঁকে পথ দেখানোর মতো প্রজ্ঞা রয়েছে। কখনো মনে হয়েছে, এটি পৃথিবীর শ্রেষ্ঠ কাব্যিক সৌন্দর্যের আধার; কখনো মনে হয়েছে, মানবজীবনের সবচেয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ গল্পের ভান্ডার; আবার কখনো এর আয়াতগুলো আমাকে সৃষ্টি ও অস্তিত্বের এমন সব সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা মানুষের চিন্তার জগৎকে নতুনভাবে সমৃদ্ধ করে। তবে কোরআনের প্রকৃত মাহাত্ম্য কোনো সাহিত্যিক উপমায় সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম—মানবজাতির জন্য তাঁর দেওয়া চিরন্তন হেদায়াত।
২০২১ সালে যখন আমার পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল, তখন জীবন ও মৃত্যুর মধ্যবর্তী অনিশ্চয়তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। পৃথিবীজুড়ে অসংখ্য মানুষ এই মহামারিতে প্রাণ হারিয়েছেন। কত পরিবার মুহূর্তের মধ্যে প্রিয়জন হারিয়ে নিঃস্ব হয়েছে, কত স্বপ্ন থেমে গেছে, কত জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে পড়েছে! সেই বাস্তবতায় বারবার মনে হয়েছে, আমরাও তো তাদের মতো মৃত্যুর মুখোমুখি হতে পারতাম। কিন্তু মহান আল্লাহর অসীম রহমতে আমার পরিবারের সবাই সুস্থ হয়ে উঠেছি, কোনো জটিলতা ছাড়াই। জীবনের সেই অভিজ্ঞতা আমাকে নতুন করে উপলব্ধি করিয়েছে, মানুষের জীবন কতটা অনিশ্চিত, আর মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ কতটা অপরিসীম। এই উপলব্ধি থেকেই পরবর্তী সময়ে পবিত্র কোরআনুল কারিমের আরও গভীর সান্নিধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে প্রবল হয়ে ওঠে। একসময় কোরআনের ৩০তম পারা, অর্থাৎ সূরা আন-নাবা থেকে সূরা আন-নাস পর্যন্ত মুখস্থ করার সৌভাগ্য অর্জন করি।
আমার কাছে জীবনের শ্রেষ্ঠতম অর্জন হলো পবিত্র কোরআনুল কারিমের ৩০তম পারার হাফেজ হতে পারা। পৃথিবীর বহু অর্জন, সম্মান কিংবা প্রাপ্তি সময়ের সঙ্গে ম্লান হয়ে যেতে পারে; কিন্তু মহান আল্লাহর কালামের কিছু অংশ নিজের হৃদয়ে ধারণ করতে পারার অনুভূতি আমার কাছে সম্পূর্ণ ভিন্ন এক মর্যাদা ও প্রশান্তির বিষয়। যে মহাগ্রন্থের বাণী আমি হৃদয়ে ধারণ করার চেষ্টা করেছি, তার রচয়িতা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা—যিনি আমাকে সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং একদিন যাঁর কাছেই আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। কিয়ামতের সেই মহাবিচারের দিনে প্রত্যেক মানুষকে তাঁর জীবনের কর্ম, দায়িত্ব ও আচরণের হিসাব দিতে হবে। এই বিশ্বাস আমাকে কোরআনের শিক্ষাকে শুধু মুখস্থ কিংবা পাঠ করার বিষয় হিসেবে নয়, বরং নিজের জীবন পরিচালনার নৈতিক ও আত্মিক নির্দেশনা হিসেবে গ্রহণ করতে অনুপ্রাণিত করে।
কোরআনের সান্নিধ্যে এসে আমার ব্যক্তিগত উপলব্ধি আরও গভীর হয়েছে। আমার কাছে এর মাধুর্য প্রথম প্রেমের আবেগের চেয়েও গভীর, এর মূল্য জীবনের পার্থিব প্রাপ্তির চেয়েও অনেক বেশি। কারণ, পার্থিব জীবন মানুষকে সাময়িক আনন্দ ও সাফল্য দিতে পারে, কিন্তু কোরআনের শিক্ষা মানুষকে জীবনের প্রকৃত অর্থ, দায়িত্ব, কর্তব্য এবং চূড়ান্ত গন্তব্য সম্পর্কে সচেতন করে। এর মধ্যে এমন এক আলোকময় দিকনির্দেশনা রয়েছে, যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে সত্য ও ন্যায়ের পথ চিনতে সাহায্য করে। আমার বিশ্বাস, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃত অর্থে মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তোলা অত্যন্ত কঠিন। কোরআন শুধু পাঠের জন্য নয়, উপলব্ধি করার জন্য; শুধু মুখস্থ করার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য; শুধু ধর্মীয় অনুষ্ঠানে তিলাওয়াতের জন্য নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এর শাশ্বত শিক্ষার প্রতিফলন ঘটানোর জন্য।
সুতরাং এখানে আমি জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে সবিনয় অনুরোধ, আপনারা জীবনে একবার হলেও কোরআনুল কারিমের বাংলা অনুবাদটি পড়ুন। জীবনটাকে সহজ ও সুন্দর করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় আর কিছু হতে পারে না।
একটি সমাজ যখন দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতা ও নৈতিক অবক্ষয়ের চোরাবালিতে নিমজ্জিত হয়, তখন সেখান থেকে উত্তরণের জন্য প্রয়োজন হয় এমন এক আদর্শিক ভিত্তি, যা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। পবিত্র কোরআনুল কারিম মানুষের সেই অন্তর্নিহিত বিবেককে জাগ্রত করে। কোরআনের দৃষ্টিতে ন্যায়বিচার বা ‘আদল’ কোনো ঐচ্ছিক বিষয় নয়, কিংবা এটি কেবল ক্ষমতাবানদের অনুগ্রহও নয়; বরং এটি প্রতিটি মানুষের জন্মগত অধিকার এবং বিশ্বাসীদের ওপর অর্পিত অলঙ্ঘনীয় ফরজ বিধান। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার এই কঠোর নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন— “ইন্নাল্লাহা ইয়ামুরু বিল-আদলি ওয়াল-ইহসানি ওয়া ইতাই জিল-কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল-মুনকারি ওয়াল-বাগয়ি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।” অর্থাৎ: “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।” (সূরা আন-নাহল, আয়াত: ৯০)
লক্ষ্য করলে দেখা যায়, এই একটি মাত্র আয়াতের ভেতরেই একটি আদর্শ কল্যাণরাষ্ট্র ও সুস্থ সমাজের পূর্ণাঙ্গ রূপরেখা নিহিত রয়েছে। এখানে ‘আদল’ বা ন্যায়বিচারকে সবার আগে স্থান দেওয়া হয়েছে। কারণ, সমাজে যদি ইনসাফ না থাকে, তবে কোনো উন্নয়নই টেকসই হয় না। এরপর বলা হয়েছে ‘ইহসান’ বা সদাচরণ ও পরোপকারের কথা, যা মানুষের পারস্পরিক সম্পর্ককে শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। পাশাপাশি সমাজবিধ্বংসী তিনটি ব্যাধি—অশ্লীলতা, অন্যায় কাজ এবং জুলুম বা সীমালঙ্ঘন থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে।
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি বিশ্লেষণ করলে এর গভীরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি অত্যন্ত যথার্থভাবেই উল্লেখ করেছেন যে, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান এবং সমাজে তাঁদের প্রভাব অত্যন্ত গভীর। সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-দ্বেষ এবং নারী ও শিশু নির্যাতনের মতো ভয়াবহ ব্যাধিগুলো দূর করতে আলেম সমাজ আরও কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখতে পারেন। আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতায় মসজিদের মিম্বর এবং মাদ্রাসার শিক্ষাঙ্গনগুলো জনমত গঠনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রতি শুক্রবার জুমার খুতবায় দেশের লাখ লাখ মসজিদে যদি কুরআনের আলোকে দুর্নীতির ভয়াবহতা, মাদকের ধ্বংসলীলা, নারীর প্রতি সম্মান এবং প্রতিবেশীর অধিকার নিয়ে গঠনমূলক আলোচনা হয়, তবে তা রাষ্ট্রীয় আইনের চেয়েও দ্রুত ও কার্যকরভাবে মানুষের মনোজগতে পরিবর্তন আনতে সক্ষম।
দুর্নীতি ও স্বজনপ্রীতি আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে উন্নয়নের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং অন্যের হক নষ্ট করা যেন অনেক ক্ষেত্রে গা-সওয়া বিষয়ে পরিণত হয়েছে। অথচ পবিত্র কুরআনে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এমন এক আপসহীন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যা পৃথিবীর আর কোনো সংবিধানে খুঁজে পাওয়া দুষ্কর। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন—“ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু কুনু কাওয়ামিনা বিল-কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাও আলা আনফুসিকুম আওয়িল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।” অর্থাৎ: “হে ঈমানদারগণ! তোমরা ন্যায়বিচারের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষীস্বরূপ; যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায়।” (সূরা আন-নিসা, আয়াত: ১৩৫)
কী অসাধারণ ও বৈপ্লবিক এই ঘোষণা! আধুনিক বিচারব্যবস্থায় যেখানে সাক্ষী প্রভাবিত হয়, স্বজনপ্রীতির কারণে অপরাধী পার পেয়ে যায় এবং অর্থবিত্তের জোরে সত্যকে ধামাচাপা দেওয়া হয়, সেখানে কুরআন বলছে—ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে নিজের, নিজের পিতা-মাতার কিংবা নিকটাত্মীয়ের বিরুদ্ধেও সত্য সাক্ষ্য দিতে হবে। এই একটি নীতি যদি আমাদের বিচারালয়, প্রশাসন, রাজনীতি এবং পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করা যায়, তবে সমাজ থেকে সব ধরনের বৈষম্য ও অবিচার চিরতরে নির্মূল করতে বাধ্য। রাষ্ট্রপতি যখন ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান, তখন তিনি মূলত এই আপসহীন নৈতিকতার কথাই স্মরণ করিয়ে দেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনগুলোর দিকে তাকালে আমরা এক গৌরবোজ্জ্বল চিত্র দেখতে পাই। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর মঞ্চে রাষ্ট্রপতি অত্যন্ত গর্বের সঙ্গে উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের অসামান্য মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং বিশ্বদরবারে দেশের সুনাম বৃদ্ধি করছেন। নিঃসন্দেহে এটি আমাদের জন্য পরম জাতীয় গৌরবের বিষয়। বিশ্বমানের ক্বারি ও হাফেজ তৈরিতে আমাদের দেশের মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে অবদান, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। তবে এই অর্জনকে কেবল তিলাওয়াত ও মুখস্থবিদ্যার গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না; কোরআনের অর্থ, মর্মবাণী এবং জীবনঘনিষ্ঠ দর্শনকে আমাদের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মূলধারায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বাংলাদেশের সমৃদ্ধ কুরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর যে গুরুত্বারোপ করেছেন, তা অত্যন্ত দূরদর্শী। একটি আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে হলে কোরআনের জ্ঞানতাত্ত্বিক ও নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটানো সময়ের অনিবার্য দাবি।
বাংলাদেশের সামাজিক বুননের অন্যতম প্রধান শক্তি হলো এর সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের সুদীর্ঘ ঐতিহ্য। আবহমান কাল ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। তবে মাঝেমধ্যে স্বার্থান্বেষী মহলের উসকানি কিংবা অজ্ঞতাপ্রসূত হিংসা-দ্বেষ এই সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চালায়। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মদিনা সনদ ও বহুত্ববাদী সমাজব্যবস্থার যে ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরেছেন, তা আমাদের জাতীয় সংহতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী (সা.) মদিনায় ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকসহ সকল ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেখানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, জানমালের নিরাপত্তা এবং নাগরিক অধিকার পূর্ণভাবে সংরক্ষিত ছিল।
ইসলাম কখনোই জোরজবরদস্তি বা অন্য ধর্মের প্রতি অসহিষ্ণুতাকে প্রশ্রয় দেয় না। পবিত্র কোরআন দ্ব্যর্থহীন ভাষায় ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের মূলনীতি ঘোষণা করেছে—“লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবাইয়্যানার রুশদু মিনাল গাইয়্যি।” অর্থাৎ: “দ্বীনের (ধর্মের) ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই; সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্টভাবে পৃথক হয়ে গেছে।” (সূরা আল-বাকারা, আয়াত: ২৫৬)
এই আয়াতটি বিশ্বমানবতার ইতিহাসে ধর্মীয় স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ সনদ। কোরআন মানুষকে যুক্তি, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে সত্যের পথে আহ্বান জানায়, বলপ্রয়োগের মাধ্যমে নয়। রাষ্ট্রপতি যখন বলেন যে, মহানবী (সা.)-এর সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি—তখন তা কোরআনের এই শাশ্বত বাণীরই প্রতিফলন ঘটায়। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু—বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা কেবল সাংবিধানিক দায়বদ্ধতাই নয়, বরং এটি কোরআনেরও অলঙ্ঘনীয় নির্দেশ।
একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অর্থনৈতিক সাম্য ও সামাজিক নিরাপত্তার প্রশ্নটিও ওতপ্রোতভাবে জড়িত। পুঁজিবাদী অর্থব্যবস্থার নির্মম প্রতিযোগিতায় আজ সম্পদ গুটিকয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হচ্ছে, আর সাধারণ মানুষ দারিদ্র্য ও বৈষম্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। কোরআনুল কারিম এমন এক অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কথা বলে, যেখানে ধনীদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে এবং রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সৎকাজের প্রসার ঘটানো হয়। পারস্পরিক সহযোগিতা ও ন্যায়নিষ্ঠার সীমারেখা নির্ধারণ করে দিয়ে মহান আল্লাহ বলেন—“ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।” অর্থাৎ: “সৎকর্ম ও খোদাভীতির কাজে তোমরা একে অপরকে সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না।” (সূরা আল-মায়িদাহ, আয়াত: ২)
কোরআনের এই নির্দেশনাটি যদি আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের মূলমন্ত্র হয়, তবে সমাজের চেহারা আমূল বদলে যেতে বাধ্য। আজ আমাদের সমাজে অনেক সময় দলীয় সংকীর্ণতা, গোষ্ঠীস্বার্থ কিংবা ব্যক্তিগত লাভের আশায় অন্যায় ও সীমালঙ্ঘনকে প্রশ্রয় দেওয়া হয়। অপরাধীকে রক্ষা করার প্রবণতা এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন না করার সংস্কৃতিই সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কোরআন আমাদের শেখায়, সৎকাজ ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেকোনো অন্যায়, সন্ত্রাস, মাদক ও জুলুমের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের মতো আয়োজনগুলো কেবল ধর্মীয় ভাবগাম্ভীর্যই সৃষ্টি করে না, বরং তা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বৈশ্বিক শান্তির বার্তাও বহন করে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রমাণ করে যে, বর্তমান রাষ্ট্রীয় নেতৃত্ব ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিক। রাষ্ট্র ও আলেম সমাজের এই সম্মিলিত প্রয়াস যদি তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করা যায়, তবে তা একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে যুগান্তকারী ভূমিকা রাখবে।
পরিশেষে বলা যায়, বর্তমান বিশ্বে যে অস্থিরতা, যুদ্ধবিগ্রহ, নৈতিক অবক্ষয় ও মানবিক বিপর্যয় চলছে, তার মূল কারণ হলো স্রষ্টার বিধান ও নৈতিক মূল্যবোধ থেকে মানুষের বিচ্যুতি। প্রযুক্তির উৎকর্ষ ও বস্তুগত সমৃদ্ধি মানুষকে স্বাচ্ছন্দ্য দিয়েছে ঠিকই, কিন্তু মানসিক প্রশান্তি ও সামাজিক নিরাপত্তা দিতে পারেনি। মানুষ আজ যান্ত্রিক সভ্যতার চাপে নিজের মানবিক সত্তাকেই হারিয়ে ফেলতে বসেছে। এই সংকটময় মুহূর্তে পবিত্র কোরআনুল কারিমের চিরন্তন শিক্ষাই পারে মানুষকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বিশ্বসমাজ উপহার দিতে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির আহ্বানকে সামনে রেখে আমাদের এখন প্রয়োজন কোরআনের শিক্ষাকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত চরিত্র গঠন, পারিবারিক শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় সুশাসনের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা। তবেই গড়ে উঠবে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেখানে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা হবে চিরস্থায়ী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হোন এবং সহিহ বুঝ নসিব করুন।
লেখক:সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: [email protected]
