সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২৯৯ জনে দাঁড়ালো। গত একদিনে নতুন করে ১ হাজার ৫৪১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে শুধু সিলেট বিভাগেই হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে হাম উপসর্গে একজন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে।
এ ছাড়া গত একদিনে নতুন করে ১৫৭ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৮৮০ জন হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৯ হাজার ২০৭ শিশু।
