খাগড়াছড়িতে সদর উপজেলা ভূমি কার্যালয় এবং সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুই দপ্তরের শত শত গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র, মূল্যবান কম্পিউটার, ল্যাপটপ এবং প্রয়োজনীয় আসবাবপত্র। মাত্র ৬ দিনের ব্যবধানে জেলা সদরে একের পর এক এমন রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
বুধবার রাত পৌনে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্বরত কয়েকজন নাইট গার্ড। তাৎক্ষণিক তারা ইউএনওকে বিষয়টি অবগত করেন। এর মধ্যেই আগুন রুমের অভ্যন্তরে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, তাদের দল ঘটনাস্থলে পৌঁছানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুন আশপাশের অন্য সরকারি ভবনগুলোতে ছড়িয়ে না পড়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায়। তবে, আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও রক্ষা পায়নি ভেতরে থাকা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি কার্যালয়ের নিচতলার কানুনগোর রেকর্ড ও নথি সংরক্ষণের কক্ষটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছাই হয়ে যাওয়া কাগজপত্র। এর পাশেই অবস্থিত সমাজসেবা কার্যালয়ের ভেতরের অংশও আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, সকালে এবং দুপুরে প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, ‘রাতের গভীরে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি ফোন পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে কার্যালয়ে ছুটে আসেন। ততক্ষণে আগুন নেভানো সম্ভব হলেও আমাদের অনেক প্রয়োজনীয় নথিপত্র চিরতরে হারিয়ে গেছে। এই ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
তদন্তের সূত্র ধরে ঘটনাস্থল থেকে চাঞ্চল্যকর আলামত উদ্ধার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কায় কিসলু জানান, পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলার হীন উদ্দেশ্যেই ভূমি কার্যালয়ের নির্দিষ্ট কক্ষটিতে আগুন দেয়া হয়েছে। এটি শর্টসার্কিটও হতে পারে, তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি বলেন, ভূমি কার্যালয়ের পেছন থেকে তিন লিটার একটি কেরোসিনের বোতল এবং একটি টিনের কৌটা উদ্ধার করা হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতা তা পুলিশ খতিয়ে দেখছে।
