ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে

ফন্ট সাইজ:

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ, নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি আমাদের জাতীয় গৌরবের বিষয়। এ সময় তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।
মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু প্রমুখ উপস্থিত ছিলেন।