চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুস সোবহান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্রদলকে হামলায় অংশ নিতে দেখা গেছে। স্ত্রীর সামনেই সোবহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহত সোবহান তক্তারপুল এলাকার নূর ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মাদকসংক্রান্ত এবং একটি হত্যা মামলা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোবহানের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে একদল অস্ত্রধারী তার বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির সামনে গলির মুখে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে সোবহানকে ছুরিকাঘাত করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, সোবহান হত্যা মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এসআরবি এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
